
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। তবে মিছিলের সময় ও ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে বের হওয়া ওই মিছিলে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়া হয়।
মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, এতে ২০ থেকে ২৫ জন অংশ নিয়েছেন। তাঁদের কারও মাথায় হেলমেট, কারও মুখে মাস্ক ছিল। আবার কয়েকজনের মুখ খোলাও দেখা যায়। অধিকাংশের হাতে ছিল বাঁশের লাঠি। ভিডিওতে উল্লেখ করা হয়, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে এ মিছিল করা হয়েছে।
ভিডিওতে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মো. ফরহাদকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি হরতালের সমর্থনে ঝিনাইদহবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ঘরে থাকুন, রাস্তায় গাড়ি বের করবেন না। নিজ গৃহে অবস্থান করুন।’
এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘বাঁচতে হলে লড়তে হবে’ এবং ‘এ লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষেও বিভিন্ন স্লোগান দেন তারা।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, মিছিলের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিছিলটি পুরোনো কোনো সময়েরও হতে পারে। তারপরও গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দেশপক্ষ/ এমএইচ