ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বাংলাদেশের আজ হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করা বাংলাদেশ আবুধাবিতে ওয়ানডে সিরিজে দেখছে মুদ্রার উলটো পিঠ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। প্রথম দুই ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ে হেরেছে বাংলাদেশ। সিরিজ এরই মধ্যে হাতছাড়া।

আজ সম্মান রক্ষার লড়াই। ব্যাটিংয়ে দায়িত্বশীলতা, উইকেটের মূল্য বোঝা এবং কৌশলী ইনিংস গড়তে না পারলে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম হোয়াইটওয়াশ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

দুদলের কেউই এর আগে একে অপরকে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশ করতে পারেনি। টানা তিনটি সিরিজ হারের পর বাংলাদেশের সামনে তাই আরেকটি লজ্জা এড়ানোর লড়াই। সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া মেহেদী হাসান মিরাজরা। দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের মূল লক্ষ্য আজ জিতে রেটিং পয়েন্ট বাড়ানো। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশের সামনে ২৪টি ম্যাচ রয়েছে। আজ জিতলে এবং ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে র‌্যাংকিংয়ে নয়ে উঠে আসবে দল। দলের মনোবল ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ।

প্রথম ম্যাচে ২২১ রান করে পাঁচ উইকেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে অলআউট হয় মাত্র ১০৯ রানে। আফগানদের করা ১৯০ রান ছিল আবুধাবির জায়েদ স্টেডিয়ামে গত ৫৫ ম্যাচে প্রথম ইনিংসে সর্বনিম্ন সংগ্রহ। সেই রান তাড়া করতেই ব্যর্থ মিরাজরা। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই সিরিজের সবচেয়ে বড় হতাশা। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে উইকেট বিলিয়েছেন তানজিদ হাসান, সাইফ হাসানরা।

মিডলঅর্ডারে তাওহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলীরা একের পর এক বাজে শটে রশিদ খান ও খারোতের শিকারে পরিণত হন। দ্বিতীয় ম্যাচে হারের পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেন, ‘আমাদের বোলার দেখে নয়, বল দেখে খেলতে শিখতে হবে।’

এদিকে দলের প্রয়োজনে আফগানিস্তানের কেউ না কেউ এগিয়ে আসছেন। দৃঢ় মানসিকতারও পরিচয় দিচ্ছেন। দ্বিতীয় ওয়ানডেতে ইব্রাহিম জাদরান একপ্রান্ত আগলে রেখে দলকে লড়াইয়ের মতো সংগ্রহ এনে দিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্সে সমস্যা নেই; কিন্তু দলকে টেনে তোলার জায়গায় এখনো পিছিয়ে তিনি। বাংলাদেশ শেষ ১২ ওয়ানডের ১০টিতেই হেরেছে। আবুধাবির উইকেট মন্থর, যেখানে মাঝের ওভারগুলোতে রান তোলা কঠিন। গরম আবহাওয়া খেলোয়াড়দের ধৈর্য ও ফিটনেসের পরীক্ষা নিচ্ছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ