
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ড. মুহাম্মদ ইউনূসকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, আমি ইউনূসকে আহ্বান জানাই—আমার সঙ্গে নির্বাচনে আসুন। যে কোন কনস্টিটিউয়েন্সিতে আসুন। দেখি জনগণ কাকে ভোট দেয়। সে সাহস পাবে না, কারণ তার জনগণের সমর্থন নেই। জনগণের ভোটে নির্বাচিত না হয়ে কেউ আওয়ামী লীগকে ব্যান করার অধিকার রাখে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস কীভাবে আওয়ামী লীগকে ব্যান করে? তার কি সেই অধিকার আছে? সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে? জনগণের ভোটে এসেছে—তা তো নয়, সেটাই সে নিজে স্বীকার করেছে।
শেখ হাসিনা বলেন, ২০২৪ সালে ক্ষমতা দখলের পেছনে যে তথাকথিত ছাত্র আন্দোলনের কথা বলা হচ্ছে, সেটি আদৌ কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র-জনতার আন্দোলন ছিল না। নিউইয়র্কে বিল ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে ইউনূস নিজেই বলেছে, জুলাইয়ের আন্দোলন কোনো ছাত্র আন্দোলন ছিল না। কোনো নেতৃত্ব ছিল না। সে নিজেই স্বীকার করেছে—মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার মাস্টারমাইন্ডরা এই আন্দোলন সংগঠিত করেছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে। এটা তো ডাকাতি করে ক্ষমতা দখল। এখন প্রশ্ন হলো—এই অবৈধ ক্ষমতা দখল নিয়ে গর্ব করার কী আছে?
আওয়ামী লীগ সভাপতি অভিযোগ করেন, ক্ষমতা দখলের পর পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে নেতা-কর্মীদের পরিবার, আত্মীয়স্বজন, এমনকি শিশুদেরও রেহাই দেওয়া হচ্ছে না। ঘরবাড়ি, দোকানপাট, খামার—মাছের খামার, গরুর খামার, মুরগির খামার—সব জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। মানুষকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে।
বর্তমান নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আজকে যে নির্বাচন দেওয়া হয়েছে, সেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। তাহলে এটা কিসের নির্বাচন? এটা নির্বাচনের নামে প্রহসন। এখান থেকে জনগণের কোনো ম্যান্ডেট আসবে না।
তিনি আরও বলেন, যদি গণতন্ত্রে বিশ্বাস থাকে, তাহলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিন। জনগণ সিদ্ধান্ত নেবে কাকে চায়। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট না দেয়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না—এটাই গণতন্ত্র।
আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি মানুষ ও নারী সমাজ—যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, জনগণের রায়ের মাধ্যমেই রাজনীতি করতে চায়।
দেশপক্ষ/ এমএইচ







