ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

গৌরীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ৮নং ডৌহাখলা ইউনিয়ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে শুক্রবার (২৩জানুয়ারি) জুম্মার নামাজের পরে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে অফিসের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক শাখার পাশেই তার বাসা। হঠাৎ জানালা ভাঙা অবস্থায় আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেখতে পান ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ডৌহাখলা শাখা ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে আসেন। শুনেছি জানালা ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সরজমিন তদন্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাগণ থানায় আছেন। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ