
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেল গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসর। তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে এসে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নতুন এক ইতিহাস গড়লেন।
স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশন্স : দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’র জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন তিনি।
এ ছাড়া বিশ্ব সংগীতের সবচেয়ে বড় এই আসরটিতে নতুন ইতিহাস লিখেছেন মার্কিন র্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের গ্র্যামির আসরে পাঁচটি পুরস্কার জিতে তিনি ভেঙে দিয়েছেন র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল র্যাপার জে-জি’র দখলে। জে-জি’র মোট গ্র্যামি ছিল ২৫টি আর কেনড্রিক লামার তা ছাড়িয়ে এখন পৌঁছালেন ২৭টিতে। সোমবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয় ৬৮তম গ্র্যামি পুরস্কারের আসর।
‘ওয়াইল্ডফ্লাওয়ার’ গানের জন্য ‘সং অব দ্য ইয়ার পুরস্কার’ পেয়েছেন বিলি আইলিশ। ‘ডেবি তিয়ার মাস ফোতোস’ দিয়ে অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছেন ব্যাড বানি।
‘লুথার’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার ঘরে তুলেছেন কেনড্রিক লামার ও সিজা। ‘মেসি’ গানের জন্য ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং সেরা পপ সলো পারফরম্যান্স বিভাগে বিজয়ী হয়েছেন। ‘বেস্ট অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে গ্র্যামি জিতেছেন ৯০ বছর বয়সি তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা।
এবার গ্র্যামি পুরস্কারের আসরে মঞ্চ মাতান লেডি গাগা, সাবরিনা কার্পেন্টার, জাস্টিন বিবার, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের রোজে, ব্রুনো মার্স, টাইলার দ্য ক্রিয়েটর, ক্লিপস ও ফ্যারেল উইলিয়ামস।
প্রয়াত অজি অসবোর্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন পোস্ট ম্যালোন, স্ল্যাশ ও চ্যাড স্মিথ। প্রয়াত ডি’অ্যাঞ্জেলো ও রবার্টা ফ্ল্যাকের প্রতি সম্মান জানিয়ে গেয়েছেন লরিন হিল। প্রয়াতদের স্মরণে সম্মিলিত পরিবেশনায় অংশ নেন রেবা ম্যাকএন্টায়ার, ব্র্যান্ডি ক্লার্ক ও লুকা নেলসন।
এবার গ্র্যামির সঞ্চালনায় ছিলেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া। টানা ষষ্ঠবারের মতো অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি।
দেশপক্ষ/ এমএইচ








