
পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, শবে বরাত আল্লাহ তায়ালার অশেষ রহমত, মাগফিরাত ও নাজাত লাভের এক মহিমান্বিত রাত। এই পবিত্র রজনীতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন এবং ক্ষমা করে থাকেন। তাই শবে বরাত আমাদের আত্মশুদ্ধি, আত্মসমালোচনা এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার শিক্ষা দেয়।
তিনি বলেন, পবিত্র শবে বরাতের এই বরকতময় রাত যেন আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সত্য, ন্যায়, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি আশা প্রকাশ করেন, এই মহিমান্বিত রাত মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বলেন, আসুন আমরা সবাই এই পবিত্র রাতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে নিজেদের গুনাহ মাফ চেয়ে দেশ, জাতি ও মানবতার কল্যাণে দোয়া করি। মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন। আমিন।
দেশপক্ষ/ এমএইচ








