ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন

রাজশাহীতে কৃষকদল নেতার হাত-পায়ের রগ কেটে পালাল দুর্বৃত্ত

রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর হামলা চালিয়ে তার হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় এ ঘটনা ঘটে।

single-ad-main-1

আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৬ আসনে ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরাজ আলী মাঠ থেকে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় কালুহাটি-আড়ানী সড়কের রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় পৌঁছালে হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

single-ad-main-2

বিরাজ আলীর বড় ভাই আব্দুল মজিদ জানান, তার ভাইয়ের সঙ্গে স্থানীয়ভাবে কারও কোনো বিরোধ ছিল না। হামলাকারীর মোটরসাইকেলের নম্বর প্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল। স্থানীয়রা ধাওয়া করলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বলেন, বিরাজ কৃষকদলের সক্রিয় নেতা। হামলাকারী স্থানীয় কেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি রাজনৈতিক সহিংসতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ