ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতার দলীয় পতাকা উত্তোলন

বরগুনার বেতাগীতে ছাত্রলীগ নেতার নেতৃত্বে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) বেতাগী সরকারি কলেজ চত্বরে শহীদ মিনার প্রাঙ্গণে এ পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুসার নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর মেহেদী হাসান মুসা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেন।

ভিডিওতে তিনি বলেন, ‘আজ ৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্স ময়দানের ভাষণের দিন। আমি বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর ভিত্তি করেই এই দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে এবং দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই ভাষণের প্রতি শ্রদ্ধা জানাতেই বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয়েছে।’

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন