ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর মহাসড়কের বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের হাজরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর জেলার লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), লালপুর ইউনিয়নের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং আড়বাব ইউনিয়নের আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও একই ইউনিয়নের চক বাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে এলাকায় ঘন কুয়াশা ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা না যাওয়ায় সিএনজি ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সিএনজিতে পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ