ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ন

এমপিদের জন্য বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার ঠেকাতে আগামী ১৪ মার্চ সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার-আমার-আপনাদের-আমাদের প্রত্যেকের স্বার্থে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। সুতরাং, ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই সব প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

তারেক রহমান বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকলেও জনস্বাস্থ্যবিদেরা বলছেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময়ই মানুষের ডেঙ্গু আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তিন দিন পানি জমে থাকলেই সেখানে এডিস মশা জন্মাতে পারে। মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা ও নর্দমার মতো যেসব জায়গায় পচা পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো পরিষ্কার রাখাই সবচেয়ে কার্যকর উপায়। সুতরাং ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাসার ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা জরুরি। প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখুন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার ১৪ মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। প্রতিটি এলাকার সংসদ সদস্যসহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের প্রতি আমার আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবারে নিজ নিজ এলাকা ও বসতবাড়িতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল কথা হলো—প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম (প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর)। অতএব, কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না। নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে এবং অপরকে রক্ষা করুন।’

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন