
গণপরিবহনের জন্য জ্বালানি তেল সরবরাহে বড় স্বস্তির খবর দিয়েছে সরকার। জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের ক্ষেত্রে চালু থাকা তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকেই থাকছে না। রাত থেকে বাসসহ গণপরিবহনের যানবাহনগুলো পর্যাপ্ত জ্বালানি তেল পাবে।’
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়ে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে। এর প্রভাব বাংলাদেশেও পড়ায় জ্বালানি ব্যবহারে সাশ্রয় আনতে গত ৬ মার্চ ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে তেল সরবরাহে সীমা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সে নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারত। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লিটার তেল নেওয়ার অনুমতি ছিল।
এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল পেত। পিকআপ বা লোকাল বাসের জন্য ডিজেলের সীমা ছিল ৭০ থেকে ৮০ লিটার।
আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নেওয়ার অনুমতি ছিল।
তবে নতুন ঘোষণায় গণপরিবহনের ক্ষেত্রে রেশনিং তুলে নেওয়া হলেও ব্যক্তিগত যানবাহনের জন্য আগের সীমা বহাল রয়েছে বলে জানা গেছে।
দেশপক্ষ/ এমএইচ








