ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৪:২২ অপরাহ্ন

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

হামসহ বিভিন্ন রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগম-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব এবং শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকারিভাবে টিকার সংকট এবং সময়মতো টিকা সরবরাহে ব্যর্থতার কারণে পরিস্থিতি আরও গুরুতর হয়েছে বলে উল্লেখ করা হয়।

আবেদনকারীরা দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা ক্রয়ের পদ্ধতিতে হঠাৎ পরিবর্তন আনা হলেও যথাযথ প্রস্তুতি নেওয়া হয়নি। স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ এবং বিতরণে ব্যর্থতা দেখা গেছে, যা বর্তমান সংকটকে তীব্র করেছে।

এতে আরও বলা হয়, টিকা ও সিরিঞ্জ ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, তথ্য গোপন এবং অর্থের যথাযথ ব্যবহার না হওয়া—এসব বিষয় দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত দেয়। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত অভিযোগ প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

আবেদনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। দেশের স্বাস্থ্যখাত সুরক্ষা এবং শিশুদের জীবন রক্ষার স্বার্থে বিষয়টি দ্রুত তদন্ত করা জরুরি বলেও এতে উল্লেখ করা হয়।

দেশপক্ষ/ এমএইচ

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন