
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিন দিনের রিমান্ড শেষে শনিবার (১৮ এপ্রিল) তাঁকে আদালতে হাজির করে পুলিশ। পরে আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাঁর জবানবন্দি রেকর্ড করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে জবানবন্দিতে তিনি কী বলেছেন, তা জানা যায়নি। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার থানার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে-এ চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
দেশপক্ষ/ এমএইচ







