ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। মনোনীত প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের এক নেত্রীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে। এই তালিকায় স্থান পাওয়া সুবর্ণা ঠাকুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন বলে তথ্য রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র অনুযায়ী, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর ২০২৩ সালের ১ জানুয়ারি প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সুবর্ণা ঠাকুরের নাম অন্তর্ভুক্ত ছিল। ওই তালিকায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম-এর স্বাক্ষরও রয়েছে।

তবে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সুবর্ণা ঠাকুর বলেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম ব্যক্তিগত সম্মতি ছাড়া অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি দাবি করেন, দলটির রাজনীতিতে তিনি কখনো সক্রিয় ছিলেন না।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। এ নিয়ে দলটির একাধিক নেতাকর্মী প্রশ্ন তুলেছেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুবর্ণা ঠাকুর উপজেলা কমিটির দায়িত্বে ছিলেন। এখন তা অস্বীকার করা সঠিক নয় এবং নতুন রাজনৈতিক অবস্থান পাওয়ার জন্য তিনি বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, মতুয়া সম্প্রদায়ের সদস্য সুবর্ণা ঠাকুর পেশায় একজন শিক্ষক এবং ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য হিসেবে পরিচিত।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন