
পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ইনচার্জ (ওসি)সহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এই হামলা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি টহল দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, এতে পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন – ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
দেশপক্ষ/ এমএইচ






