
রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী-কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুর এলাকায় কিশোর সিয়াম সরদার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। নিহত সিয়ামের বাবা সোহাগ সরদার ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় মামলাটি করেন। ওই মামলায় আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
দেশপক্ষ/ এমএইচ








