ঢাকা, শনিবার, ৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস আজ 

ধূসর আকাশে বাড়ছে জনস্বাস্থ্য ও জলবায়ুর ঝুঁকি

সাদা কিংবা নীলের বদলে আকাশ এখন ধূসর। বিশেষ করে ঢাকায়। ভরা বর্ষায়ও নামে না বৃষ্টি। ফোটে না কমদসহ বর্ষার ফুল। শীতকালে দেখা মিলে না শীতের। সুউচ্চ ভবনের চাপে হারিয়ে যাচ্ছে সবুজ। গরমের তীব্রতাও বাড়ছে প্রতিনিয়ত। মাটি-পানি-বায়ু দূষণে বিপর্যস্ত হয়ে চিরচেনা পরিবেশ বদলে যাচ্ছে একটু একটু করে। বদলে যাচ্ছে জলবায়ুও। যার বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্য, জনস্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে। পৃথিবীব্যাপী এখন দূষণকে দেখা হচ্ছে ‘বিপর্যয়’ হিসেবে।

ফাইল ফটো

আন্তর্জাতিক গবেষণা ও বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, দূষণের বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিকভাবে অত্যন্ত উদ্বেগজনক। শব্দদূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকায় ঢাকা প্রথম এবং রাজশাহী চতুর্থ স্থানে উঠে এসেছে। এছাড়া বায়ুদূষণে প্রায় প্রতিদিনই শীর্ষে অবস্থান করছে রাজধানী। নদীদূষণের ক্ষেত্রে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ এক নম্বরে, এবং সাগরে প্লাস্টিক বর্জ্য ফেলার হারে বিশ্বে অষ্টম। দেশের পরিবেশগত অনিয়মের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার। এদিকে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ ও পরিবেশগত ঝুঁকির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার একটি বাংলাদেশ। বেশি ক্ষতি হচ্ছে দরিদ্র, পাঁচ বছরের কম বয়সি শিশু, বয়স্ক ও নারী জনগোষ্ঠীর। মারাত্মক দূষণে বছরে অকালমৃত্যু ঘটছে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের।

বায়ুদূষণ, অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন ও হাইজিন এবং সিসাদূষণে এই অকালমৃত্যু হচ্ছে। ঘরের ও বাইরের বায়ুদূষণ স্বাস্থ্যের ওপর সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলায় ৫৫ শতাংশ অকালমৃত্যু ঘটেছে। দেশে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় তার ২৮ শতাংশই মারা যায় পরিবেশ দূষণজনিত অসুখবিসুখের কারণে। কিন্তু সারা বিশ্বে এ ধরনের মৃত্যুর গড় মাত্র ১৬ শতাংশ। পরিসংখ্যান বলছে, পরিবেশগত ঝুঁকি ও মারাত্মক দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু ঘটছে। এর মধ্যে কেবল বায়ু ও গৃহস্থালি ধোঁয়ার প্রভাবে অকালমৃত্যুর ঘটনা ঘটে ৫৫ শতাংশ। দেশে মোট মৃত্যুর ২৮ শতাংশই ঘটে পরিবেশজনিত জটিল রোগের কারণে, যা বৈশ্বিক গড়ের (১৬ শতাংশ) চেয়ে প্রায় দ্বিগুণ। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে দরিদ্র জনগোষ্ঠী, শিশু ও নারীরা। ইউনিসেফের তথ্যমতে, দেশের প্রায় ২ কোটি শিশু প্রতিনিয়ত জলবায়ু সংকটের ধাক্কা সামলাচ্ছে এবং ২০ ৫০ সাল নাগাদ দেশের ৯৯ শতাংশ শিশু তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে পারে।

 

সম্প্রতি প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রতি তিন শিশুর একজন বা প্রায় ২ কোটি শিশু প্রতিদিন জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির শিকার হচ্ছে। ২০৫০ সাল নাগাদ দেশের মোট ৯৯ শতাংশ বা ৩ কোটি ৫৫ লাখ শিশু প্রচণ্ড তাপপ্রবাহের সম্মুখীন হবে। এ সংখ্যা ২০২০ সালের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় বেশি। ২০২০ সালে মাত্র ২৬ লাখ শিশু, যা দেশের মোট শিশুর ৫ শতাংশ, এই ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের দিক থেকে বাংলাদেশসহ পুরো পৃথিবী খুবই বিপজ্জনক অবস্থায় আছে। মানুষ প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে চলেছে আর প্রকৃতিও তার প্রতিশোধ নিয়ে মানব সভ্যতাকে বিলীনের দিকে নিয়ে যাচ্ছে। ক্রমাগত জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস ও বিভিন্ন ধরনের দূষণের কারণে পৃথিবী এখন এমনই ঝুঁকির মধ্যে রয়েছে। এ বিষয়ে এখনই জোরালো কার্যক্রম হাতে না নিলে দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ মানুষের ওপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব অনেক বেশি পড়বে, যা দেশের উন্নয়নের গতিকে আরো দুর্বল করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, নদনদী দখল-ভরাট-দূষণ, বন উজাড়, পাহাড় কাটা, অপরিকল্পিত নগরায়ন, পানি ও বায়ুদূষণ, শিল্প-কারখানার দূষণ, মাত্রাতিরিক্ত ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার, ভূগর্ভস্থ পানির অত্যধিক উত্তোলনে দেশের পরিবেশ আজ বিপর্যস্ত। দেশ বাঁচাতে সবার আগে পরিবেশ বাঁচাতে হবে। বাংলাদেশের পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতা এবং প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী দেশপক্ষকে বলেছেন, ঢাকায় বায়ুদূষণ, পানিদূষণ, খাদ্যদূষণ, শব্দদূষণ যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। এসব দূষণের কারণে কোনো না কোনোভাবে মানুষ ক্ষতির শিকার হচ্ছে। কিছু ক্ষতি প্রত্যক্ষভাবে হচ্ছে। যেমন- কীটনাশক মেশানো লিচু খেয়ে শিশু মারা গেল বা বিষাক্ত মাছ খেয়ে কেউ অসুস্থ হলেন। আবার কিছু ক্ষতি হচ্ছে দীর্ঘমেয়াদি। যেমন- রাসায়নিক বা কীটনাশক মেশানো বা বিষাক্ত খাবার খেয়ে কারো কিডনি নষ্ট হয়ে গেলো। বা দীর্ঘদিন দূষিত বায়ুতে থেকে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হলেন।

এ প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু দেশপক্ষকে বলেছেন, শব্দ ও বায়ূদূষণের কারণে মানুষ শারীরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে। কারণ আমরা বিভিন্নভাবে শব্দদূষণ বা বায়ুদূষণ করছি, যার প্রভাব ফেলছে অন্যজনের স্বাস্থ্যে। বায়ু ও পরিবেশ দূষণ মোকাবিলায় আইনের যথাযথ প্রয়োগে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে পরিবেশ দূষণ রোধ, পরিকল্পিত নগরায়ন ও নদীর পানিদূষণ রোধে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদীয় ককাস গঠনের প্রস্তাব দিয়েছেন পরিবেশমন্ত্রী।

এছাড়া ২০২৬ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ৯০ শতাংশ কমানো; আগামী বছর থেকে তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা; ঢাকাসহ সারাদেশে ক্রমবর্ধমান বায়ুদূষণ ঠেকাতে ৭৩ হাজারের বেশি বাস-ট্রাক প্রত্যাহার; অবৈধ ইটভাটা উচ্ছেদ; আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইটভাটা ম্যাপিং এবং দূষণ বের করে ব্যবস্থা নেয়া এবং ড্রোনের মাধ্যমে নদীদূষণ বের করা; সার্বিকভাবে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য কৌশলগত পরিকল্পনা নেয়ার মতো মন্ত্রণালয়ের উদ্যোগগুলো পরিবেশবাদীরা ইতিবাচক হিসেবেই দেখছেন।

এ প্রসঙ্গে লেলিন চৌধুরী বলেন, আমাদের পরিবেশ দূষণের মাত্রা অনেক আগেই ছাড়িয়ে গেছে। এখন গঠনমূলক কর্মপরিকল্পনা দরকার। সেদিক থেকে যে উদ্যোগগুলো নেয়ার কথা বলা হচ্ছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গেল ইউজড প্লাস্টিক প্রাণঘাতী। আমরা দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা বলছি। কখনো বিষয়টিতে প্রাতিষ্ঠানিকভাবে তেমন গুরুত্ব দেয়া হয়নি। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে আগামীতে অবশ্যই ভালো কিছু হবে। উন্নয়ন আর পরিবেশ রক্ষা পাশাপাশি চলতে পারে না বলে কেউ কেউ মনে করেন।

এ প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ ব্যক্তি ও জনস্বাস্থ্যেরও বিষয়। সংবিধান অনুযায়ী সব উন্নয়ন হতে হবে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয় মাথায় রেখে। জনস্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। এই প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নেতৃত্বে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘প্রকৃতির অনুপ্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। আর ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিপি/ এএস/এ এ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন