ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ইতিহাসের পুনরাবৃত্তি! দেশে ফেরার ঘোষণার মধ্যেই চর্চায় হাসিনার প্রথম প্রত্যাবর্তন

বিজয় দিবসের দিনেই বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। এই ঘোষণা ঘিরেই এখন আবর্তিত হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্যেই চর্চায় তাঁর প্রথম প্রত্যাবর্তন। আওয়ামী লীগের দাবি, ১৯৮১ সালে ১৭ মে দেশে ফিরে আসার পরে হাসিনাকে বরণ করতে ঢাকার রাস্তার দু’পাশে দাঁড়িয়েছিলেন লাখো জনতা। এ বারও তাঁকে স্বাগত জানাতে ঢাকার রাস্তার দখল নেবেন তরুণরা।

১৯৭৫ সালের ১৫ অগস্ট খুন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর সঙ্গেই হত্যা করা হয় পরিবারের অধিকাংশ সদস্যকে। সেই সময়ে দেশের বাইরে থাকার জন্য বেঁচে গিয়েছিলেন হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা। দীর্ঘ দিন দেশে ফিরতে পারেননি তাঁরা। সেই সময়ে হাসিনা আশ্রয় পেয়েছিলেন ভারতে। ৬ বছর ‘নির্বাসনে’ থাকার পরে দেশে ফিরে আসেন হাসিনা। ১৯৮১ সালে ১৭ মে বিকেলে, ভারতীয় বিমানে তৎকালীন কুর্মিটোলা বিমানবন্দরে (বর্তমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) নামেন তিনি। তাঁকে স্বাগত জানতে ওই বিমানবন্দর থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ছিলেন লাখো মানুষ। ট্রাকে চেপে সেই মানুষের ভিড়ের মধ্যে দিয়ে এসে একটি সভায় ভাষণ দেন তিনি। সেই সভায় হাসিনা জানান, নেতা হতে নয়, মানুষের পাশে দাঁড়াতেই এসেছিলেন তিনি।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, হাসিনার সেই প্রত্যাবর্তন শুধুমাত্র একজন নেত্রীর দেশে ফিরে আসা ছিল না। তা ছিল আওয়ামী লীগের নতুন যাত্রার সূচনা। সেই সময়েও কঠিন অবস্থার মধ্যে ছিল আওয়ামী লীগ। দলের অনেক নেতাই ছিলেন কারাগারে, কেউ ছিলেন আত্মগোপন করে, আবার একটি অংশ ছিলেন নিষ্ক্রিয়। দেশে ফিরে এসে সবাইকে একত্রিত করে দলকে ফের সংগঠিত করেন হাসিনা। তবে সেই কাজ সহজ ছিল না। ১৯৮২ সালে বাংলাদেশের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মহম্মদ এরশাদ। ১৯৮৩ সালে দলের একটি অংশ বেরিয়ে যায়। এর পরে ১৫ দলের জোট গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে লড়াই শুরু করেন হাসিনা। একাধিকবার গৃহবন্দি করা হয় তাঁকে। তবু থেমে থাকেননি তিনি। ১৯৯১ সালে বিরোধী দল হিসেবে নির্বাচিত হওয়ার পরে, ১৯৯৬ সালে হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের জেরে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গণহত্যা এবং মানবতা লঙ্ঘনের দায়ে তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশের সরকার। তাঁকে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন হাসিনা। তবে এরই মধ্যে তাঁর প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছে আওয়ামী লীগ। তাঁদের দাবি, আগের বারের মতো দেশ ফিরেই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের নেতৃত্ব দেবেন হাসিনা। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ বলেও জানিয়েছে আওয়ামী লীগ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে পরাজিত হয় পাকিস্তানি সেনা। ১৯৭২ সালে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশ। সেই সময়ে পাকিস্তানের জেলে বন্দি ছিলেন মুজিবুর। তাঁকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে চাপের মুখে পড়ে তাঁকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টো। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু ফিরেছিলেন স্বাধীন বাংলাদেশে।

বিজয়ের আনন্দ সেদিন পূর্ণ হয়েছিল মুজিবের প্রত্যাবর্তনে। বিজয় দিবসের দিনেই একই রকম ভাবে হাসিনার প্রত্যাবর্তন আনন্দ ফিরিয়ে আনবে বাংলাদেশের মানুষের মনে বলেও দাবি আওয়ামী লীগের।

১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে হাসিনাকে অন্তত ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে। এ বারও সেই চেষ্টা হবে বলে আশঙ্কা। তবে তাঁকে স্বাগত জানতে লাল-সবুজ পতাকা হাতে দাঁড়িয়ে থাকবেন তরুণ প্রজন্ম বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

আর হাসিনার দেশে ফেরার ঘোষণা হতেই নতুন করে চর্চা শুরু হয়েছে প্রায় অর্ধশতাব্দী আগের ঘটনা নিয়ে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ