
চলতি মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেললেও ব্যাট হাতে এখনও বড় ইনিংস খুঁজে পাননি তিনি।
তারপরও পিএসএলের মাঝপথেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে নতুন অর্জনের তালিকায় নাম লিখিয়েছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
পিএসএলের বর্তমান আসরে হায়দরাবাদ কিংস-এর হয়ে খেলছেন ম্যাক্সওয়েল। গত ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড-এর বিপক্ষে তার দল ৬ উইকেটে জয় পায়।
ওই ম্যাচে মাত্র ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। এই ইনিংসের মাধ্যমেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন। ৫০৫ ম্যাচে তার মোট রান দাঁড়ায় ১১ হাজার ৯।
এই অর্জনের মাধ্যমে তিনি তৃতীয় অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁলেন। এর আগে এই কীর্তি গড়েছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।
বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ম্যাক্সওয়েলের অবস্থান ১৬ নম্বরে। তালিকার শীর্ষে আছেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল, যিনি ৪৬৩ ম্যাচে ১৪ হাজার রান করেছেন।
দ্বিতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড, তার রান ১৪ হাজার ৪৮২। তিন নম্বরে আছেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস, যার সংগ্রহ ১৪ হাজার ৪৪৯ রান। তালিকায় আরও আছেন ওয়ার্নার ও জশ বাটলার, যাদের রানও ১৪ হাজারের ওপরে।
দেশপক্ষ/ এমএইচ









