ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার দেড় মাস বয়সী পুত্রসন্তান কাইফা ইসলাম সিমরানও মায়ের সঙ্গে রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আদালতে জানান, আসামির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তেজগাঁও থানার রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।

অন্যদিকে, আসামির পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করে বলেন, শিল্পী বেগমের দেড় মাস বয়সী সন্তান রয়েছে এবং সম্প্রতি তার সিজারিয়ান অপারেশন হয়েছে। যেকোনো শর্তে জামিন দেওয়ার আবেদন জানান তিনি। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত থেকে বের করার সময় শিল্পী বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তার কোলে দেড় মাস বয়সী সন্তানকে তুলে দেওয়া হলে আদালতের বারান্দায় বসেই তিনি শিশুকে দুধ খাওয়ান। এরপর সন্তানকে সঙ্গে নিয়েই তাকে হাজতখানায় নেওয়া হয়।

তিনি এ সময় আক্ষেপ করে বলেন, “রাজনৈতিক কারণে বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে।”

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর চানখাঁরপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল। পরবর্তীতে তার বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের ঘটনায় শিল্পী বেগমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন