ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন

১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

বহুল আলোচিত কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হাফিজুর রহমান। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।

বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক-এর আদালতে তোলা হলে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং মামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

পিবিআই সূত্র জানায়, গত ৬ এপ্রিল কুমিল্লার আদালত মামলার অগ্রগতি জানতে তদন্ত কর্মকর্তাকে তলব করেন। এ সময় তদন্তের স্বার্থে তনুর পোশাকে পাওয়া তিনজনের ডিএনএ ম্যাচ করার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। ওই তিনজনই সেনাবাহিনীর সাবেক সদস্য।

তদন্তে উঠে এসেছে, তনুর মরদেহের কাপড়ে তিন ব্যক্তির ডিএনএ পাওয়া যায়। তারা হলেন—সাবেক সার্জেন্ট জাহিদ, সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সাবেক সৈনিক শাহিদুল আলম। তাদের মধ্যে হাফিজুর রহমানকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘদিন থানা পুলিশ, ডিবি ও সিআইডি তদন্ত করেও মামলার রহস্য উদঘাটন করতে পারেনি। পরে ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মামলাটির তদন্ত করছেন পরিদর্শক মো. তরিকুল ইসলাম।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ