
বাংলাদেশ ফুটবল লিগে আজ দু’টি ম্যাচ ছিল। ঢাকা আবাহনী ও আরামবাগ নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে। দুই ম্যাচেরই স্কোরলাইন ১-০।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও ফর্টিজের ম্যাচে নজর ছিল সবার। দুই দলই শিরোপা লড়াই করছে বসুন্ধরা কিংসের সঙ্গে। ম্যাচ শুরুর বাঁশির সঙ্গে সঙ্গে ফর্টিজ পিছিয়ে পড়ে। আবাহনীর ফরোয়ার্ডের সাফল্যের চেয়ে ফর্টিজের ডিফেন্ডারের ব্যর্থতাই বেশি। ডান প্রান্ত থেকে আবাহনীর ফুটবলারের ক্রস, ফর্টিজের গোলরক্ষক সুজন পেরেরা পোস্ট থেকে বেরিয়ে আসেন। ডিফেন্ডার মিঠু চৌধুরিও ছিলেন বল ক্লিয়ারের চেষ্টায়। দুই জনের সমন্বয়হীনতায় সাফ অ-২০ জয়ী অধিনায়ক মিঠু চৌধুরির পায়ে লেগে বল জালে জড়ায়। মাত্র ৪৫ সেকেন্ডে আবাহনী লিড পায়।
সাফ জয়ী অধিনায়ক মিঠু চৌধুরির ভুলের খেসারত দিতে হয়েছে ফর্টিজকে। ম্যাচের বাকি সময়ে আবাহনী আর গোল করতে পারেনি। ফর্টিজও বেশ কয়েকটি আক্রমণ করেও আর সমতা আনতে পারেননি। ম্যাচের অন্তিম মুহুর্তে ফর্টিজের শট আবাহনীর পোস্ট ঘেষে বাইরে যায়।
১৪ ম্যাচ শেষে আবাহনী ২৮ পয়েন্ট নিয়ে এখন কিংসের সঙ্গে যৌথভাবে শীর্ষে। আগামীকাল বসুন্ধরা কিংস পয়েন্ট পেলে আবার এককভাবে শীর্ষস্থান ফিরে পাবে। ফর্টিজ এই ম্যাচ হেরে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। আজকের হারে আবাহনী ও কিংসের চেয়ে পিছিয়ে পড়ল তিন পয়েন্টে।
মানিকগঞ্জে দিনের আরেক ম্যাচে আরামবাগ ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। আরামবাগের জয়ে রেলিগেশন জোন উন্মুক্ত। ফকিরেরপুল ১০ পয়েন্ট নিয়ে সবার তলানিতে। আরামবাগ, পিডব্লিউডি ও ব্রাদার্স তিন দলের সমান ১৩ পয়েন্ট। বাইলজ অনুযায়ী দুই দল এই স্তর থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে যাবে।
দেশপক্ষ/ এমএইচ








