ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

ক্যারিয়ার নিয়ে যা জানালেন রোনালদো

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১ হাজার গোলের মাইলফলক থেকে আর ৩০ গোল দূরে এই ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। তবে বিশ্বকাপের ১ মাস আগে রোনালদো জানিয়েছেন তিনি ক্যারিয়ারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছেন তিনি।

সম্প্রতি আল-আহলির বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে নিজের ক্যারিয়ারের ৯৭০তম গোলটি পূর্ণ করেছেন রোনালদো। ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।

রোনালদো বলেন, আমি কেবল বর্তমান প্রজন্মের জন্যই খেলি না, বরং আগের এবং সামনের প্রজন্মের জন্যও খেলে যাচ্ছি। আমি প্রতিটি দিন, প্রতিটি ম্যাচ এবং প্রতিটি বছর উপভোগ করছি। যদিও আমি জানি আমি আমার ক্যারিয়ারের শেষের খুব কাছে চলে এসেছি। আর এটাই বাস্তবতা।’

২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখনো কোনো লিগ শিরোপা জেতা হয়নি রোনালদোর। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে পারে। বর্তমানে টেবিলের শীর্ষে থাকা আল-নাসর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে। ক্যারিয়ারের এই সায়াহ্নে এসে একটি লিগ শিরোপা জয়ই এখন তার মূল লক্ষ্য।

রোনালদো বলেন, আমার ক্যারিয়ার দুর্দান্ত ছিল এবং আমি সেটা সেভাবেই রাখতে চাই। আমি এখনো খেলা উপভোগ করছি, গোল করছি… তবে সবকিছুর উপরে জয় পাওয়াটা জরুরি। আমরা সত্যিই এই লিগটি জিততে চাই।

সৌদি লিগের শিরোপা জেতার পাশাপাশি ফুটবল প্রেমীদের মনে বড় প্রশ্ন— আগামী ২০২৬ বিশ্বকাপেই কি তবে দেখা যাবে রোনালদোর শেষ জাদু? ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে বিশ্বকাপকেই নিজের বিদায়ী মঞ্চ হিসেবে বেছে নিতে পারেন এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ