
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুক্তরাষ্ট্র শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটিও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে গত ৮ মে ২০২৬, শুক্রবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী ঘোষিত নতুন কমিটিতে মোঃ সেবুল মিয়াকে সভাপতি এবং মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগ নেতারা জানিয়েছেন, আগামী তিন বছরের জন্য অনুমোদিত এই আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর অনুমোদনের জন্য জমা দিতে হবে।
এছাড়া দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের জন্যও নতুন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশপক্ষ/ এমএইচ







