ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, মুহূর্তেই এলাকায় আতঙ্ক

খুলনার লবণচরায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি অফিসের ভেতরে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে যুবদলের এক সদস্যসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পুটিমারী বাজার সংলগ্ন জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ এবং জাহিদ। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পারভেজ নামে এক ব্যক্তি সেখানে প্রবেশ করে তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হলে তিনি হঠাৎ গুলি চালান।

গুলিতে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে আঘাত লাগে। পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ জাহিদ জানান, মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি ঠেকাতে গেলে তার হাতেও গুলি লাগে।

অন্যদিকে মাসুম বিল্লাহ দাবি করেন, পারভেজকে তিনি আগে থেকেই চিনতেন। প্রথমে কথা বলে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার ফিরে এসে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে সেখানেও তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

ঘটনার পর অভিযুক্ত পারভেজ পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন