
শরীয়তপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া ও চূড়ান্ত অনুমোদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম।
মঙ্গলবার দিবাগত তিনি তাঁর ফেসবুকে স্ট্যাটাসে এ দাবি করেন।
তিনি বলেন, শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২১ সালের ১০ জুন তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে তিনি একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) দেন। ওই পত্রের নম্বর ছিল ৪২.০০.০০০০.০০৪.১৮.০০১.২১-১৫৩। এর পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
এনামুল হক শামীমের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ৯ জানুয়ারি ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরবর্তীতে শরীয়তপুরে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। একই বছরের ৬ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ২০২৩ সালের ১২ জুন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ করার অনুমোদন দেওয়া হয়। এরপর মন্ত্রিসভায় প্রাথমিক ও চূড়ান্ত অনুমোদন, জাতীয় সংসদে বিল উত্থাপন এবং সংসদীয় স্থায়ী কমিটির প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৯ অক্টোবর জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ পাস হয়। পরে ১৩ নভেম্বর ২০২৩ এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।
এনামুল হক শামীম বলেন, ‘শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া ছিল না; এটি ছিল শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ। ডিও লেটার প্রদান থেকে শুরু করে চূড়ান্ত অনুমোদন পর্যন্ত প্রতিটি ধাপে একজন কর্মীর মতো কাজ করেছি।’
তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়টি শুধু কৃষিশিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসায়, শিক্ষা ও কলা, গবেষণাসহ সময়োপযোগী বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি হবে। বিষয়টি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তিনি কাজ করেছেন বলেও জানান।
বিশ্ববিদ্যালয় অনুমোদনের প্রক্রিয়ায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।
এনামুল হক শামীম বলেন, শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কৃষিনির্ভর এ জেলা ও দক্ষিণাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান এবং কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘আমাদের স্বপ্নের এই প্রতিষ্ঠানটি দ্রুত বাস্তবায়িত হোক—শরীয়তপুরবাসীর মতো এটিই আমার প্রত্যাশা।’









