ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

‘বিজয় দিবস’ নিজের দেশে উদযাপন করতে চাই: শেখ হাসিনা

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বর বাংলাদেশের ‘বিজয়ের মাস’, ১৬ ডিসেম্বর দেশের ‘বিজয় দিবস’ নিজের উদযাপন করতে চাই। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের ‘আতিথ্যে’ থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ,কারাগার, ফাঁসির দড়ি বা জঙ্গিদের স্নাইপার রাইফেলের তোয়াক্কা করেন না তিনি।

ডিসেম্বরের প্রথমার্ধেই নিজের দল আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের নিয়ে দিল্লি ছেড়ে বাংলাদেশে ফিরতে চান গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব হারানো হাসিনা। সূত্রের খবর, ভারতও অতিথিকে নিরাপদে দেশে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।

হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাকে এত দিন কথার কথা ভাবলেও, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পদ্ধতি-প্রকরণ জানতে চেয়ে তিনি আইনি চিঠি পাঠানোর পরে টনক নড়েছে বাংলাদেশের শাসক বিএনপি, বিরোধী জামায়াতে ইসলামি এবং তাদের শরিকদল অভ্যুত্থানের সামনে থাকা প্রাক্তন ছাত্রদের দল এনসিপি-র। তিন পক্ষই জানিয়েছে, হাসিনার ফেরা আটকাতে তাদের নেতাকর্মীরা ‘মাঠে থাকবেন’।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বিশেষ ঘনিষ্ঠ’ বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ‘টেররিস্ট’ হাসিনাকে সরকার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেবে না। কারণ, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বন্দি প্রত্যর্পণ চুক্তিতে তাঁকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির সাজা কার্যকর করবে সরকার। আইনমন্ত্রী আসাদুজ্জামানও একই দাবি করে বলেছেন, ‘দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাওয়ার জন্য সরকার নয়াদিল্লির কাছে আইনানুগ ভাবে আবেদন করেছে, যা অমান্য করা হবে না বলে আমি নিশ্চিত।’

ঢাকার এই দাবি নিয়ে দিল্লি চুপ। বিদেশমন্ত্রকের একটাই প্রতিক্রিয়া— ‘ঢাকার আর্জি বিবেচনাধীন, এটি সময়সাপেক্ষ।’ তবে বাংলাদেশে প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত বীণা সিক্রি বলছেন, ‘তারেক সরকার হাসিনাকে আদৌ ফেরত চায় কি না, আমি সন্দিহান। যাঁকে ফেরত চাওয়া হচ্ছে, তিনি নিজেই ফিরতে চাইছেন। তখন সরকার বলছে পাসপোর্ট দেবো না, ট্রাভেল পাস দেবো না, ঢুকতে দেবো না— যা সম্পূর্ণ বেআইনি।

এমনকী, তিনি কথিত ‘ফাঁসির আসামি’ হলেও এটা করা যায় না। ও দিকে প্রত্যর্পণের যে আবেদন ঢাকা করেছে, আমি খবর নিয়ে দেখেছি, সেটি অসম্পূর্ণ। প্রয়োজনীয় নথি পাঠাতে বলা হলেও তারা পাঠায়নি!’ বীণা মনে করেন, গত ক’মাসে বিএনপি সরকার যে ভাবে জনপ্রিয়তা খুইয়েছে, বাংলাদেশের আমজনতার একটা বড় অংশ যে ভাবে হাসিনার প্রত্যাবর্তন চাইছেন, তাতে সরকার বা বিরোধী সকলেই অস্তিত্বের সঙ্কটে পড়েছে।

অগত্যা যে কোনও অজুহাতে হাসিনার দেশে ফেরা আটকাতে তারা মরিয়া। তাঁর কথায়, ‘হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাগম ঠেকাতে তাঁর সমর্থকদের উপরে মাত্রাছাড়া নির্যাতন চালানো হচ্ছে।’ বীণার সংযোজন, ‘প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মুখে বলবেন সরকার ‘রিকনসিলিয়েশন’ চায়, এ দিকে বিরোধী মতাবলম্বীদের গণগ্রেপ্তার করবেন, এটা হয় না।’

ভারতের বিদেশ মন্ত্রকের এক কর্তার কথায়, ‘শেখ হাসিনা যে বন্দি নন, আমাদের অতিথি— ঢাকা এটা গুলিয়ে দিতে চাইছে। তাই মাঝেমধ্যে তারা অনুগত গণমাধ্যমকে দিয়ে ভুয়ো তথ্য প্রচার করায়, দিল্লিতে হাসিনাকে বন্দি করে রাখা হয়েছে। কখনও প্রচার করা হয়, তিনি ভয়ানক অসুস্থ, তাই ফিরতে পারবেন না। আবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে বসে রাজনৈতিক ভাবে নিযুক্ত এক কর্মকর্তা ফেসবুক পোস্টে এই সব অপতথ্য প্রচার করছেন। সব কিছুই নজরে রয়েছে।’

তিনি জানিয়েছেন, পারস্পরিক এই আপাত-অনড় অবস্থানের মধ্যেও ভারত সরকার চায়, ‘অতিথি’ শেখ হাসিনা নিরাপদে দেশে ফিরুন। এ জন্য মাত্র দু’টি মৌলিক শর্ত নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকার সঙ্গে আলোচনা করছে। প্রথমটি, প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা। তিনি যে ভাবে সামরিক বিমানে দিল্লি এসেছিলেন, সেই ভাবে যদি ফিরিয়ে নেওয়া হয়, সব চেয়ে ভালো হয়। দ্বিতীয়ত, শেখ হাসিনার বিচার হতে হবে স্বচ্ছ। রাষ্ট্রপক্ষের আনা অভিযোগগুলির বিরুদ্ধে তিনি যাতে সুষ্ঠু আইনি লড়াই চালাতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, শেখ হাসিনাকে ফেরাতে আমেরিকা, ব্রিটেন ও রাশিয়ার মতো আন্তর্জাতিক শক্তির সঙ্গেও কূটনৈতিক দৌত্য চালাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে নিয়ত যোগাযোগ রেখে ঢাকায় দৌত্য চালাচ্ছেন পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ দিকে, ধারাবাহিক কর্মসূচি নিয়ে আওয়ামি লিগ চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতেও নেত্রীর সম্ভাব্য ফেরার দিনে বাংলাদেশে ‘ইতিহাসের বৃহত্তম’ জনসমাগম ঘটাতে উঠে পড়ে লেগেছে। সব মিলিয়ে পরিস্থিতির অগ্রগতি নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় কূটনীতিকরা।

সূত্র: এই সময়

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ