ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ন

প্রতিহিংসার আগুনে পুড়ছে গণতন্ত্র

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে ভয়ের রাজনীতি, ও আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার

রাজনীতিতে মতপার্থক্য থাকবে, ক্ষমতার পালাবদল হবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের নামে প্রতিহিংসা, হামলা, অগ্নিসংযোগ, ভয়ভীতি ও বিচারবহির্ভূত শাস্তির সংস্কৃতি বিস্তার লাভ করলে তা আর গণতান্ত্রিক পরিবর্তনের পরিচায়ক থাকে না; বরং রাষ্ট্র, সমাজ ও নাগরিক অধিকারের জন্য বিপজ্জনক সংকেত হয়ে ওঠে। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করার পথ যদি আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার পরিবর্তে সহিংসতা, মব ও আতঙ্কের দিকে ধাবিত হয়, তাহলে গণতন্ত্রের ভিতই দুর্বল হয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গন, আদালত প্রাঙ্গণ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়িঘরে সংঘটিত হামলা, অগ্নিসংযোগ ও গ্রেফতারের ঘটনাগুলো রাজনৈতিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক বিরোধ, নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে হেনস্তা এবং বিচারপ্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা—এসব ঘটনা শুধু রাজনৈতিক সংঘাতের খবর নয়; এগুলো আইনের শাসন, নাগরিক অধিকার ও রাজনৈতিক সহাবস্থানের প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে রাজনৈতিক প্রত্যাশা, আবেগ এবং সাংগঠনিক তৎপরতা তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু তাঁর দেশে ফেরার পথে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ এবং সেই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য গণজাগরণ ঠেকানোর চেষ্টা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ কিংবা দেশে ফেরার অধিকারকে কেন্দ্র করে ভয়ভীতি ও দমনমূলক পরিস্থিতি সৃষ্টি হলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য শুভ নয়।

গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও ক্ষোভের বহিঃপ্রকাশকে এই বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে রেখে দেখার সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং আওয়ামী লীগের ঐতিহাসিক রাজনৈতিক ভিত্তির সঙ্গে গোপালগঞ্জের মানুষের আবেগ, স্মৃতি ও পরিচয় গভীরভাবে জড়িত। শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্ন, রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে প্রতিবন্ধকতা এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতা মানুষের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকলে তা বুঝতে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ প্রয়োজন। গোপালগঞ্জের মানুষের রাজনৈতিক অনুভূতি ও প্রতিবাদকে যথাযথ গুরুত্ব দিতে হবে। কোনো এলাকার মানুষের সম্মিলিত রাজনৈতিক আবেগকে অপরাধের সঙ্গে একাকার করা উচিত নয়। তবে প্রতিবাদের নামে সহিংসতা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি রাজনৈতিক ক্ষোভের কারণগুলো উপেক্ষা করে দমনমূলক ব্যবস্থা গ্রহণও সংকটের সমাধান হতে পারে না।

আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও ক্রমেই আলোচনায় আসছে। দলটির নেতাকর্মী, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে গ্রেফতার অভিযান, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রাজনৈতিক পরিবেশে উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে গ্রেফতার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। গ্রেফতার হয়েছেন নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনও গ্রেফতার হয়েছেন। শত শত সাধারণ নেতাকর্মীদের গ্রেফতার প্রতিদিনই প্রশাসনের রুটিন ওয়ার্ক। এসব গ্রেফতারের আইনি ভিত্তি, অভিযোগের প্রকৃতি, তদন্তের স্বচ্ছতা এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করা জরুরি। গ্রেফতার মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। স্বচ্ছ তদন্ত, যথাযথ বিচার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করাই আইনের শাসনের মৌলিক শর্ত।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাম্প্রতিক ঘটনাগুলো রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর প্রতিহিংসার রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে।

একইভাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বাস ভবন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের বাড়িতেও অগ্নিসংযোগের খবর এসেছে। সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও স্থাপনায় হামলার ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করেছে। অন্যদিকে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের খবরও সামনে এসেছে।
এতগুলো রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়িঘর ও স্থাপনায় হামলা-অগ্নিসংযোগের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব, আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্যদের বাসভবন যখন আক্রান্ত হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—দেশের রাজনৈতিক পরিবেশ কোন দিকে যাচ্ছে? এসব ঘটনার পেছনে কারা রয়েছে, কী উদ্দেশ্যে হামলা চালানো হচ্ছে এবং প্রশাসন কেন কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি প্রয়োজন।

রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ কিংবা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গণতান্ত্রিক রাজন সংস্কৃতির অংশ অপরা তার বিচার হব রাজনৈতিক প্রতিহিংসার এই পরিস্থিতিতে মব সংস্কৃতির বিস্তার বিশেষভাবে উদ্বেগজনক। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে, অপরাধ প্রমাণিত হলে আদালতের মাধ্যমে শাস্তি হবে। কিন্তু বাড়িঘরে আগুন, ভাঙচুর, মারধর ও সামাজিকভাবে হেয় করার মাধ্যমে কোনো রাজনৈতিক পক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

এমনিভাবে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও শক্তি প্রদর্শনের ঘটনা গত কয়েক দিন ধরে রাজনৈতিক আলোচনার অন্যতম খোরাক। রাজনৈতিক কর্মসূচি ও শক্তি প্রদর্শন যদি মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে তা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার জন্য ক্ষতিকর।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে আদালত প্রাঙ্গণে।, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে ঢাকার সিএমএম আদালত চত্বরে তাঁর আইনজীবী অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগকে এজলাস থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়।রাজনৈতিক প্রতিহিংসার কারনে উল্টো তাকে কারাবাসও বরন করতে হয়েছে।

একজন আইনজীবী আদালতে দাঁড়িয়ে কোনো অভিযুক্ত ব্যক্তির পক্ষে যুক্তি উপস্থাপন করবেন, এটি তাঁর পেশাগত দায়িত্ব এবং অভিযুক্তের আইনি অধিকার। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আইনজীবী হামলার শিকার হন, তাহলে শুধু একজন ব্যক্তি আক্রান্ত হন না, বিচারব্যবস্থার স্বাধীনতা ও নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়। আদালতের ভেতরে কিংবা বাইরে কোনো পক্ষের উন্মত্ততা যদি বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার আস্থা দুর্বল হয়ে পড়বে।

বিশ্ববিদ্যালয়গুলোতেও রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তা, মারধর কিংবা প্রশাসনের কাছে সোপর্দ করার ঘটনাগুলো উদ্বেগজনক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনার খবর শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা, জ্ঞানচর্চা, যুক্তিবোধ ও আইনের প্রতি শ্রদ্ধার জায়গা। সেখানে অভিযোগের ভিত্তিতে কাউকে আটক, মারধর কিংবা শাস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হলে শিক্ষাঙ্গনের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায়বিচারের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রগঠনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই ঐতিহাসিক উত্তরাধিকার রাজনৈতিক বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু ইতিহাসকে ঘিরে আলোচনা, রাজনৈতিক মতাদর্শের চর্চা কিংবা দলীয় সমর্থন ও বিরোধিতার অধিকার কোনো নাগরিকের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে রাজনৈতিক ইতিহাস ও মানুষের রাজনৈতিক বিশ্বাসকে নিশ্চিহ্ন করার চেষ্টা নতুন বিভাজন ও ক্ষত তৈরি করবে।

গণতন্ত্র শুধু নির্বাচনের নাম নয়; গণতন্ত্র মানুষের অধিকার, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও রাজনৈতিক সহাবস্থানের সমষ্টি। রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে আগুন দেওয়া, আদালতে আইনজীবী আক্রান্ত হওয়া কিংবা বিশ্ববিদ্যালয়ে অভিযোগের ভিত্তিতে মানুষ নিগৃহীত হওয়া কোনো গণতান্ত্রিক উত্তরণের ইতিবাচক লক্ষণ হতে পারে না।
রাজনীতির প্রতিযোগিতা হোক যুক্তি, আদর্শ, কর্মসূচি ও জনগণের আস্থার ভিত্তিতে; প্রতিহিংসা, ভয়ভীতি ও সহিংসতার ভিত্তিতে নয়। শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্ন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, গোপালগঞ্জের মানুষের রাজনৈতিক অনুভূতি কিংবা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবর্তন—সবকিছুর সমাধান হওয়া উচিত সাংবিধানিক অধিকার, আইনের শাসন ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। রাজনৈতিক সহাবস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করতে পারলেই বাংলাদেশ একটি মানবিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে।

( মানিক লাল ঘোষ : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি)

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ