ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন

এবার যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক সেই সময় ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে বেইজিং। তবে এবার উত্তেজনার কেন্দ্রবিন্দু ইরান ইস্যু নয়, বরং তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত।

শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ‘এক চীন নীতি’ এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ ঘোষণাপত্র কঠোরভাবে মেনে চলতে হবে। একই সঙ্গে তিনি অবিলম্বে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানান।

তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীলতা এবং তাইওয়ান প্রণালিতে শান্তি বজায় রাখতে হলে ওয়াশিংটনকে শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপ নিতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, তাদের কৌশলগত তেল রিজার্ভ থেকে ছাড় করা তেলের প্রথম চালান চলতি সপ্তাহের শেষ নাগাদ বাজারে পৌঁছাবে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) মার্কিন জ্বালানি বিভাগ জানায়, এর আগে সপ্তাহের শুরুতে মোট ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ৮৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বিনিময়ের জন্য ইতোমধ্যে অনুরোধ জানিয়েছে বিভাগটি।

এক বিবৃতিতে জ্বালানি বিভাগ বলেছে, এই তেল সরবরাহের ফলে মার্কিন করদাতাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর ৩২ সদস্য দেশের সম্মিলিত পদক্ষেপের অংশ। এসব দেশ তাদের জরুরি মজুত থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে, যা সংস্থাটির ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় উদ্যোগ।

২০২২ সালে বাইডেন প্রশাসনের সময়ে কৌশলগত তেল রিজার্ভ ব্যবহারের সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বুধবার কেনটাকিতে এক সমাবেশে তিনি আইইএ-এর এই উদ্যোগের প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, “আমেরিকা ও বিশ্বের ওপর আসা এই হুমকি মোকাবিলার পাশাপাশি এটি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।”

তিনি আরও বলেন, “আমরা কাজ শেষ না করে মাঝপথে ফিরতে চাই না। আমাদের কাজ শেষ করতে হবে।”

-নি/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ