
সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। দল গোছানোর কাজেও সন্তুষ্ট ছিলেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু হঠাৎ করেই ইনজুরির ধাক্কায় বিশ্বকাপের আগে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির।
ফিফা বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন ও চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছিলেন স্কালোনি। এমন সময় দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট পরিস্থিতি জটিল করে তুলেছে।
ইংল্যান্ডে Tottenham Hotspur ও Sunderland ম্যাচে গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে আহত হন আর্জেন্টিনার নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ম্যাচ চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ডান হাঁটুর চোটে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। তার লিগামেন্টে ক্ষতি হয়েছে কি না, তা জানতে মেডিক্যাল পরীক্ষা করা হবে। গুরুতর কিছু ধরা পড়লে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে।
দুশ্চিন্তা বাড়িয়েছে আরেক ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ-এর ইনজুরি। Inter Milan তারকার আগের পেশির চোট আবারও ফিরে এসেছে। সম্প্রতি সেরে উঠলেও নতুন করে এই সমস্যা দেখা দেওয়ায় তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে Aston Villa-এর হয়ে ম্যাচ খেলতে নামার আগেই চোটে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। Nottingham Forest-এর বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে অস্বস্তি অনুভব করায় শেষ মুহূর্তে একাদশ থেকে ছিটকে যান তিনি। তার জায়গায় খেলেন ব্যাকআপ গোলকিপার মার্কো বিজোট। তবে মার্টিনেজের চোটের ধরন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ক্লাবটি।
বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সবার নজর মেডিক্যাল রিপোর্টের দিকে—এই তিন তারকা সময়মতো সুস্থ হয়ে উঠতে পারেন কি না, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।
দেশপক্ষ/ এমএইচ









