ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক সদস্যের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)–এর একটি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রাম সিং নামে এক বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত বড় বাঁকড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পের জ্বালানি সংরক্ষণ ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। এ সময় ঘরের ভেতরে আটকে পড়েন রাম সিং, পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পেয়ে দমকল ও পুলিশের খবর দেন। পরে ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে পেট্রোল পাম্পিং ইউনিটে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ