ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

মবের জননী রিজওয়ানা : আনিস আলমগীর

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে মবের জননী বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’-এর টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, আগে ‘মবের জনক’ হিসেবে ড. ইউনূসের নাম শোনা গেলেও এখন ‘মবের জননী’ হিসেবেও একজনকে পাওয়া গেছে।

আনিস আলমগীর দাবি করেন, রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় কাজ করলেও ক্ষমতার পরিবর্তনের পর তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অভিযোগ সামনে আসছে। তার ভাষ্য অনুযায়ী, ক্ষমতায় থাকার সময় এসব বিষয় প্রকাশ পায় না, তবে পরে বিভিন্ন মাধ্যমে উঠে আসে।

তিনি আরো অভিযোগ করেন, ক্ষমতায় থাকার সময় ব্যবসা দখলসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে।

আনিস আলমগীর বলেন, রিজওয়ানা ক্ষমতা পাওয়ার পর তা অপব্যবহার করেছেন। এমনকি ক্ষমতায় আসার আগেও এনজিও কার্যক্রমের আড়ালে ভূমিসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে অনিয়ম করেছেন। কোনো প্রকল্পে অর্থ না পেলে তা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, এসব অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তবে বর্তমান সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, সরকার অতীত নিয়ে বেশি ব্যস্ত থাকলেও সাম্প্রতিক অভিযোগগুলো গুরুত্ব পাচ্ছে না।

গণ স্বাস্থ্য কেন্দ্র নিয়েও উদ্বেগ প্রকাশ করে এ সিনিয়র সাংবাদিক বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবদ্দশায় নিজ দেশে চিকিৎসা নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা অনেক উচ্চপদস্থ ব্যক্তি অনুসরণ করেননি।

এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়েও সমালোচনা করেন আনিস আলমগীর। তার অভিযোগ, মব সৃষ্টি করে ট্রাস্টিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং এ ঘটনায় রিজওয়ানা হাসানের সম্পৃক্ততার কথাও বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে।

গণ স্বাস্থ্য কেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অভিযোগগুলোর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

 

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ