ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য নিয়ে নতুন ঘোষণা ফিফার

বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে সমালোচনা চলছেই। তবে সেই সমালোচনাকে গুরুত্ব না দিয়েই ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য প্রায় তিনগুণ বাড়িয়েছে ফিফা।

আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে-এ অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত এই স্টেডিয়ামের ‘ক্যাটাগরি-১’ টিকিটের সর্বোচ্চ মূল্য আগে ছিল ১০ হাজার ৯৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৫২ হাজার টাকার সমান।

কিন্তু নতুন সিদ্ধান্তে সেই টিকিটের দাম বাড়িয়ে করা হয়েছে ৩২ হাজার ৯৭০ ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ ৫৮ হাজারের বেশি।

ফিফার এই মূল্যবৃদ্ধি নিয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন। তারা টিকিট মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা দাবি করেছেন।

জানা গেছে, আগে যে ১০ হাজার ৯৯০ ডলারে ক্যাটাগরি-১ টিকিট পাওয়া যেত, এখন সেই মূল্যে টিকিট কিনতে পারবেন শুধুমাত্র হুইলচেয়ার ব্যবহারকারী বা বিশেষ সুবিধাসংবলিত দর্শকরা। সাধারণ দর্শকদের একই টিকিটের জন্য গুনতে হবে প্রায় তিনগুণ বেশি অর্থ।

শুধু ফাইনাল নয়, বেড়েছে সেমিফাইনালের টিকিটের মূল্যও। আগামী ১৪ জুন টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে-এ অনুষ্ঠিতব্য সেমিফাইনালের টিকিটের দাম ধরা হয়েছে ১১ হাজার ১৩০ ডলার, ৪ হাজার ৩৩০ ডলার, ৩ হাজার ৭১০ ডলার এবং ২ হাজার ৭০৫ ডলার।

এছাড়া উদ্বোধনী ম্যাচসহ আরও বেশ কয়েকটি ম্যাচের টিকিটের দামও কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

টিকিটের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে ব্যবহৃত ‘ডাইনামিক প্রাইসিং’ নীতিকে অস্বচ্ছ বলে মন্তব্য করেছেন নিউ জার্সির ডেমোক্র্যাট প্রতিনিধি নেলি পাউ এবং ফ্র্যাঙ্ক প্যালোন জুনিয়র। তারা ফিফার কাছে জানতে চেয়েছেন, এই নীতির কারণে সমর্থকদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সে বিষয়ে সংস্থাটির অবস্থান কী।

তবে জিয়ান্নি ইনফ্যান্টিনো টিকিটের এই উচ্চমূল্যকে সমর্থন করেছেন। ক্যালিফোর্নিয়ায় এক সম্মেলনে তিনি বলেন, “আমাদের বাজারের বাস্তবতা বুঝতে হবে। আমরা এমন একটি দেশে আছি, যেখানে বিনোদন শিল্প বিশ্বের সবচেয়ে উন্নত। তাই বাজারদরের ভিত্তিতেই মূল্য নির্ধারণ করতে হবে।”

রিসেল মার্কেটে টিকিটের আরও বেশি দামে বিক্রি হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা যদি খুব কম দামে টিকিট বিক্রি করি, তাহলে সেগুলো আরও বেশি দামে পুনরায় বিক্রি হবে। বাস্তবতাও সেটাই দেখাচ্ছে।”

ইনফান্তিনো আরও বলেন, “যুক্তরাষ্ট্রে ৩০০ ডলারের নিচে কলেজ পর্যায়ের বড় কোনো খেলা দেখা যায় না, পেশাদার খেলার কথা তো বাদই দিলাম।”

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ