
বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের শোক পেছনে ফেলে মৌসুমের বাকি অংশে ঘুরে দাঁড়াতে খেলোয়াড়দের আহ্বান জানিয়েছেন কোচ ভিনসেন্ট কোম্পানী।
বুধবার প্যারিস সেন্ট-জার্মেইন-এর কাছে সেমিফাইনাল থেকে বিদায়ের পর মিউনিখে দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা থেকে ছিটকে যায় বায়ার্ন।
তবে হতাশায় না ডুবে দলকে সামনে এগোনোর বার্তা দিয়েছেন কম্পানি। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় লক্ষ্য হাতছাড়া হওয়ায় হতাশা স্বাভাবিক, তবে এখনই ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, “হতাশ হওয়া স্বাভাবিক, কিন্তু পরের দিন থেকেই আমাদের সবকিছু ভবিষ্যৎ নিয়েই ভাবতে হবে। আমার কাজ হলো দলকে সঠিকভাবে প্রস্তুত করা এবং কীভাবে আমরা প্রতিক্রিয়া জানাব তা নির্ধারণ করা।”
পিএসজির বিপক্ষে দুই ম্যাচেই উচ্চ রক্ষণভাগ খেলায় বায়ার্নের ডিফেন্সে ফাঁকা জায়গা তৈরি হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন কম্পানি। শেষ চার ম্যাচে সব মিলিয়ে ১২টি গোল হজম করেছে দলটি।
তবে কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গোল করার ক্ষমতা থাকলে খেলার ধরন পরিবর্তনের প্রয়োজন দেখছেন না তিনি। এ মৌসুমে বায়ার্ন এখন পর্যন্ত বুন্দেসলিগায় ১১৬টি গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে।
তিনি বলেন, “আমরা বাস্তববাদী মানুষ। ম্যাচ জিতে এবং বড় ব্যবধানে জিতে আমরা প্রমাণ করছি যে আমরা প্রতিপক্ষের চেয়ে এগিয়ে।”
বুন্দেসলিগায় আর দুটি ম্যাচ বাকি রয়েছে বায়ার্নের। শনিবার তারা মুখোমুখি হবে ভিএফএল উলফসবার্গ-এর, এরপর মৌসুম শেষ করবে এফসি কোলন-এর বিপক্ষে।
এরপর ২৩ মে ডিএফবি-পোকাল ফাইনাল-এ ভিএফবি স্টুটগার্ট-এর বিপক্ষে শিরোপা জয়ের সুযোগ রয়েছে বায়ার্নের সামনে।
কম্পানি বলেন, চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা পেছনে ফেলে দল ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, যা প্রমাণ করা তাদের জন্য গুরুত্বপূর্ণ। তার ভাষায়, এখন লক্ষ্য শুধু এই মৌসুম নয়, ভবিষ্যতেও ধারাবাহিক সাফল্য ধরে রাখা।
দেশপক্ষ/ এমএইচ







