ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে করা একটি মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কফিল উদ্দিন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আদালত মামলা প্রত্যাহারের আবেদনে সম্মতি দিয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালত বাদীর আবেদন গ্রহণ করে মামলাটি প্রত্যাহারে সম্মতি দিয়েছেন বলে জানালেন আদালতের জিআরও শাখায় কর্মরত কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। তবে বিষয়টি জানাজানি হয় আজ বুধবার রাতে। যুবলীগকর্মী হয়েও শেখ হাসিনার বিরুদ্ধে কফিলের করা মামলা নিয়ে তখন তোলপাড় সৃষ্টি হয়েছিল।

এসআই মনিরুল ইসলাম বললেন, ‘মামলাটি আদালতে করা হয়েছিল। তদন্তের দায়িত্বে ছিল পিবিআই। গত ১৭ সেপ্টেম্বর মামলার ধার্য তারিখে প্রত্যাহারের আবেদন দেন বাদী কফিল উদ্দিন। ২৯ সেপ্টেম্বর পরবর্তী ধার্য তারিখে আদালত আবেদন মঞ্জুর করে মামলাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।’

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে হামলায় আহতের অভিযোগ এনে মামলাটি করেছিলেন কফিল উদ্দিন। ২০২৪ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেছিলেন। আদালত আবেদন গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, পিবিআই সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক এমপি মজিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, সিএমপির কমিশনার সাইফুল ইসলাম, সাবেক ওসি ওবায়দুল হক, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহসীন, জাহিদুল কবিরসহ ২৬ পুলিশ কর্মকর্তা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়াসিম উদ্দিন ও মোবারক আলীসহ ১৮৭ জনকে আসামি করা হয়েছিল।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ