
৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬ সেপ্টেম্বর ঢাকার জাসদের সভা থেকে প্রায় ২৯০ জনকে আটক, বরিশাল কিংবা ঢাকায় নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতারের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন চিত্র নয়। বরং ২০২৪ সালের ৫ আগস্টের পর গত দুই বছরে বাংলাদেশে যা ঘটছে, এটি তারই একটি নিয়মিত রূপ।
হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে, বিগত সরকারের আমলে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করা জরুরি, কিন্তু অতীতের অপরাধ বর্তমান প্রশাসনের একই ধরনের মানবাধিকার লঙ্ঘনকে কোনোভাবেই বৈধতা দেয় না। তবে প্রশ্ন থেকেই যায়—এই বিবৃতি কি যুতসই ও সময়োপযোগী?
গত দুই বছর ধরে আমরা দেখছি, তথাকথিত পরিবর্তন বা সংস্কারের নামে ভিন্নমতের টুঁটি চেপে ধরার নির্মমতা। আইনের শাসন বা ন্যায়বিচারের নামে রাজনৈতিক পরিচয়কে অপরাধ হিসেবে গণ্য করে নির্বিচারে গ্রেফতার, মামলা এবং হয়রানি এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার নামে এই দমনপীড়ন কেবল রাজনৈতিক বিরোধীদের কোণঠাসাই করছে না, বরং একটি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছে।
এইচআরডব্লিউর উচিত ছিল কেবল একটি নির্দিষ্ট তারিখের বা ঘটনার খণ্ডচিত্র তুলে না ধরে, গত দুই বছরের সামগ্রিক ও ধারাবাহিক দমনপীড়নের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে আরও জোরালো ভাষায় নিন্দা জানানো। কারণ, খণ্ডিত নিন্দা অনেক সময় অপরাধের গভীরতা ও কাঠামোগত সংকটকে আড়াল করে ফেলে। জবাবদিহিহীন সংস্কৃতির পুনরাবৃত্তি বন্ধ না হলে মানবাধিকারের সার্বজনীন সুরক্ষা কেবল কাগজে-কলমেই থেকে যাবে।
কেবল বিচ্ছিন্ন কিছু ঘটনার ওপর ভিত্তি করে বিবৃতি না দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উচিত গত দুই বছরের একটি শ্বেতপত্র বা সামগ্রিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা। গত দুই বছরে বিচারবহির্ভূত আটক, রাজনৈতিক পরিচয়ে হয়রানি এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর যে ধারাবাহিক আঘাত এসেছে, তার একটি পূর্ণাঙ্গ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা দরকার। পাশাপাশি, বর্তমান প্রশাসনের কাছেও দ্ব্যর্থহীন ভাষায় জবাবদিহিতা নিশ্চিত করার কড়া বার্তা দেওয়া উচিত। অন্যথায়, মানবাধিকারের সর্বজনীন ঘোষণা কেবল কথার কথাতেই সীমাবদ্ধ থেকে যাবে এবং বিচারহীনতার সংস্কৃতির চক্র থেকে বাংলাদেশ কখনোই বের হতে পারবে না।
(মানিক লাল ঘোষ: সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি)
দেশপক্ষ/ এমএইচ









