
ভাগ্য বদলের আশায় পকেটে সামান্য সম্বল নিয়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর কানাডায়। শুরুটা হয়েছিল এক রেস্তোরাঁয় ঘণ্টায় মাত্র চার ডলার পারিশ্রমিকে থালা-বাসন ধোয়ার কাজ দিয়ে। আজ সেই মানুষটিই কানাডার মন্ট্রিয়লে বিশ্বখ্যাত কফি চেইন ‘টিম হর্টনস’-এর ছয়টি আউটলেটের গর্বিত মালিক, যাঁর প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে দুই শতাধিক মানুষের। জীবনযুদ্ধে হার না মানা এই প্রবাসী বাঙালির নাম মোহাম্মদ আলম শানু—প্রবাসীদের কাছে যিনি পরম নির্ভরতার ‘শানু ভাই’।
প্রবাসের মাটিতে নিজের মেধা, শ্রম আর নাছোড়বান্দা মনোবলে সফলতার স্বর্ণশিখরে পৌঁছানো প্রবাসীদের তালিকায় এক উজ্জ্বল নাম মোহাম্মদ আলম শানু। কানাডার বাংলাদেশি কমিউনিটিতে তিনি এক পরিচিত ও অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব। বিশেষ করে মন্ট্রিয়ল শহরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে তিনি সুপরিচিত। নিজ দেশ বাংলাদেশ থেকে আগত মানুষের মাঝে তিনি অভিভাবকের মতো নিজেকে মেলে ধরেছেন।
শিকড় ও শৈশবের টানাপোড়েন
১৯৫৫ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করা এই মানুষটির বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। কাস্টমস কর্মকর্তা হিসেবে অবসরের পর তিনি সামছুল হুদা ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং ব্যবসার সাথে যুক্ত হন। মোহাম্মদ আলম শানুর শৈশব কেটেছে চট্টগ্রামের পোর্ট কলোনি এবং নন্দন কাননে। ছোটবেলায় অত্যন্ত দুরন্ত ও ডানপিঠে প্রকৃতির হওয়ায় পড়ালেখার জন্য তাঁকে ঢাকার খালার বাড়িতে পাঠানো হয়। তিনি ঢাকা ওয়েস্টার্ন হাইস্কুল থেকে এসএসসি এবং পরবর্তীতে ১৯৭৫ সালে ঢাকার নামকরা নটর ডেম কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
জীবনের মোড় ঘোরানো অধ্যায়
পড়াশোনা শেষ করে চট্টগ্রামে গেলে রুমু বড়ুয়া নামের এক তরুণীর সাথে তাঁর পরিচয় হয় এবং তাঁরা সম্পর্কে জড়ান, যিনি পরবর্তীতে তাঁর জীবনসঙ্গিনী হন। তবে এই ভালোবাসার পথ মোটেও মসৃণ ছিল না; তাঁদের জয় করতে হয়েছে সমাজের আড়চোখ আর পারিবারিক প্রতিবন্ধকতা। ১৯৭৬ সালে পারিবারিক ও ধর্মীয় মতপার্থক্য এবং ভুল বোঝাবুঝির কারণে সেই সম্পর্কে ছেদ পড়ে। তীব্র মানসিক আঘাত ও অভিমান থেকেই তিনি বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।
বাবার সহায়তায় তিনি প্রথমে ফ্রান্সে পাড়ি জমান। প্যারিসে প্রখ্যাত চিত্রশিল্পী সাহাবুদ্দিনের সঙ্গে থাকতেন তিনি। প্যারিসে কাটানো সেই দিনগুলোতে ফ্রান্স, জার্মানি, গ্রিস ও ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে নানা ধরনের কাজ করেন। ১৯৮০ সালের শুরুতে রুমু বড়ুয়ার পাঠানো একটি চিঠি তাঁর জীবনে নতুন আলো আনে। এরপর ওই বছরেরই শেষ দিকে রুমুর আরেকটি চিঠি পান তিনি, যেখানে জানানো হয় তাঁর বিয়ে ঠিক হয়েছে এবং তাঁকে পেতে হলে দেশে আসতে হবে। চিঠি পাওয়ার পর আর কোনো দ্বিধা না করে দেশে ফিরে আসেন শানু। পরবর্তীতে ১৯৮২ সালের ৩ মার্চ ইস্কাটনে খালার বাড়িতে মৌলভী ডেকে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন তাঁরা। এই দম্পতির কোলে আসে প্রথম সন্তান মাঈন উদ্দিন সুমন।
নতুন জীবনের আশায় কানাডা
বিয়ের পর আর্থিক অনটনের কারণে চরম হতাশায় ভুগে তিনি একসময় মাদকাসক্ত হয়ে পড়েন, যা তাঁর পুরো পরিবারে বড় ধরনের ঝড় বয়ে আনে। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে রেখে ১৯৮৩ সালে তাঁর বাবা তাঁকে কানাডায় পাঠিয়ে দেন। কমনওয়েলথভুক্ত দেশ হওয়ায় সে সময়ে কানাডায় যাওয়ার জন্য ভিসার ক্ষেত্রে বর্তমানের মতো জটিলতা ছিল না।
কানাডায় পা রেখেও শুরু হয় তাঁর আরেক দফা জীবনযুদ্ধ। তখন পকেটে পর্যাপ্ত অর্থ নেই, চাকরি নেই, নেই কোনো সরকারি সাহায্য। শানুর পৌঁছানোর তিন মাস পর তাঁর স্ত্রী ও এক বছরের সন্তান কানাডায় এসে তাঁর সাথে যোগ দেন। পরিবারের অভাব ঘোচাতে তিনি প্রতিদিন কাজের খোঁজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াতেন। অবশেষে এক গ্রিক রেস্তোরাঁয় ডিশওয়াশার হিসেবে কাজের সুযোগ পান, যেখানে তাঁর তখনকার পারিশ্রমিক ছিল মাত্র ৪ ডলার প্রতি ঘণ্টা—অথচ তাঁরা যে বাসায় থাকতেন, সেটির মাসিক ভাড়াই ছিল ২০০ ডলার।
ঘুরে দাঁড়ানোর গল্প ও ‘টিম হর্টনস’ সাম্রাজ্য
অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের সুবাদে তিনি ডিশওয়াশার থেকে একে একে কুক হেল্পার, কুক এবং শেফ পদে উন্নীত হন। তাঁর স্ত্রীও জীবনসংগ্রামের অংশ হিসেবে কাজে যুক্ত হন। ১৯৮৬ সালে কন্যা সুবর্ণা আলম শীতলের জন্ম হয়। ১৯৯০-এর দশকের দিকে নিজেদের সঞ্চয় দিয়ে একটি গ্রোসারি দোকান চালু করলেও প্রতিকূল পরিবেশ ও অবস্থানের কারণে তা টিকিয়ে রাখতে পারেননি।
তবে হাল ছাড়ার পাত্র তিনি ছিলেন না। ২০০৪ সালে তিনি কানাডার বিখ্যাত কফি চেইন ব্র্যান্ড ‘টিম হর্টনস’ (ঞরস ঐড়ৎঃড়হং)-এর ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেন এবং সৌভাগ্যবশত মাত্র এক মাসের মধ্যেই তাঁর আবেদন মঞ্জুর হয়। এই একটি সিদ্ধান্তই তাঁর জীবনের চাকা সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন আপাদমস্তক একজন ব্যবসায়ী। একে একে মন্ট্রিয়লে মোট ৬টি সফল টিম হর্টনস স্টোর গড়ে তোলেন তিনি। বর্তমানে তাঁর ছেলে-মেয়েরাও সমানভাবে এই ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত আছেন।
মানবতার ছোঁয়া ও কর্মসংস্থান
আজ তাঁর এই ব্যবসায়িক নেটওয়ার্কে দুই শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে, যার একটি বড় অংশই প্রবাসী বাংলাদেশি। কানাডায় পড়তে আসা কিংবা নতুন জীবনে থিতু হতে চাওয়া বাংলাদেশি তরুণ-তরুণীদের তিনি সবসময় নিজের সন্তানের মতো আগলে রাখেন এবং খণ্ডকালীন কাজের সুযোগ করে দিয়ে তাঁদের পড়াশোনার পথ সুগম করেন।
শুধু কাজের সুযোগ নয়, বাংলাদেশিদের জন্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। কমিউনিটির যেকোনো মানবিক কাজে থাকেন অগ্রভাগে। কেউ অসুস্থ হলে বা মারা গেলে দাফন কিংবা মরদেহ দেশে পাঠাতে তিনি সাহায্যে এগিয়ে আসেন। মন্ট্রিয়লে কেউ কাজ না পেলে কোনো না কোনোভাবে তাঁর কাছে চলে আসেন, আর তিনি সবসময় চেষ্টা করেন তাঁদের পাশে দাঁড়াতে। কানাডার মূলধারার ব্যবসায়িক পরিমণ্ডলেও তাঁর স্টোরগুলো ‘স্টোর ভ্যালুয়েশন’-এর দিক থেকে শীর্ষস্থান দখল করে আসছে এবং তাঁর পরিচালনাধীন স্টোরগুলো অসংখ্য সম্মাননা ও পুরস্কার অর্জন করেছে।
প্রবাসের সফলতার মূলমন্ত্র
আজ জীবনের এই পড়ন্ত বেলায় এসে তাঁর প্রাপ্তির ঝুলি পূর্ণ। স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার তাঁর। প্রবাসের দীর্ঘ অর্ধেকাংশ জীবন কাটিয়েও তিনি ভোলেননি নিজের শিকড়। তাঁর মতে, সততা, অদম্য ইচ্ছাশক্তি এবং কখনো হার না মানার মানসিকতাই একজন মানুষকে প্রবাসের মাটিতে সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে। নতুন প্রজন্মের অভিবাসীদের জন্য তাঁর এই জীবনসংগ্রাম এক জীবন্ত অনুপ্রেরণা।
ভ্রমণপিপাসা ও জীবন উপলব্ধি
মোহাম্মদ আলম শানু ঘুরতে খুবই পছন্দ করেন। সময় পেলেই স্ত্রীকে নিয়ে বেড়িয়ে পড়েন; পৃথিবীর বহু দেশ ঘুরে দেখেছেন তাঁরা। জীবন উপলব্ধি থেকে মোহাম্মদ আলম শানু বলেন, ‘জীবন তো ক্ষণস্থায়ী, সম্পদ অস্থায়ী, সৌন্দর্য একদিন ম্লান হয়, ক্ষমতাও চিরস্থায়ী নয়। আজ যা নিয়ে এত অহংকার, কাল হয়তো তার কিছুই থাকবে না। তাই অহংকার নয়, বিনয়ী হোন; মানুষকে ছোট নয়, সম্মান করতে শিখুন। মনে রাখবেন, মানুষ বড় হয় সম্পদে নয়, চরিত্রে; অহংকারে নয়, মানবিকতায়।’









