
সিরাজগঞ্জের আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জ আদালত এ পরোয়ানা জারি করেন।
জানা যায়, ২৬ মার্চ এক বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা দায়ের করা হয়।
একটি মামলার বাদী জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, মন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য মানহানিকর হওয়ায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়েছে।
এছাড়া একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা দায়ের করেন। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
অপরদিকে, কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে ‘২০ থেকে ৩০ কোটি টাকা লেনদেনের’ অভিযোগ তুলে বিতর্কিত মন্তব্য করায় গত ১৩ এপ্রিল আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে হবে, অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশপক্ষ/ এমএইচ








