
বগুড়ার ধুনট উপজেলায় গ্রেফতারকৃত ১১ মামলার পলাতক ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই খোকনকে আদালতে পাঠানোর সময় তার কর্মী-সমর্থকদের ‘জয় বাংলা’ শ্লোগানে থানা চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসামিকে কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠায়।
গ্রেফতারকৃত আব্দুল হাই খোকন আব্দুল হাই খোকন (৫৯) ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) দুপুর ১টার দিকে তাকে হাজতখানা থেকে আদালতে নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় ধুনট থানা চত্বরে হঠাৎ করে তার অনুসারীরা ‘জয় বাংলা’ শ্লোগান দিতে শুরু করে। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পরে দ্রুততার সঙ্গে তাকে পুলিশের প্রহরায় আদালতে নেওয়া হয় এবং সেখান থেকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে রাজধানীর আশুলিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আব্দুল হাই খোকন দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। ওই সময় চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে একাধিক বেকার যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীরা একাধিক মামলা দায়ের করেন, যার মধ্যে তিনটি মামলায় আদালত তার বিরুদ্ধে সাজার আদেশ দেন।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক অস্থিরতার পর তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরও ৯টি মামলা দায়ের হয়। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন।
ধুনট থানা ধুনট থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, তিনি সাজার আদেশপ্রাপ্ত ও একাধিক নাশকতা মামলার আসামি। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দেশপক্ষ/ এমএইচ








