
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ঘটনায় তিনি ঘাড়ে ও কোমরে গুরতর আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে আইনজীবীদের আবেদনে পলকের করা হয় এমআরআই।
মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআরআই প্রতিবেদন সূত্রে জানা যায়, পলকের ঘাড়ে দুইটি ও কোমরে তিনটি হাড় সরে গেছে বলে উঠে এসেছে। তবে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন পলকের আইনজীবী।
আইনজীবী বলেন, প্রিজন দুর্ঘটনার পর আমরা তার এমআরআই করার আবেদন করি। এরপর কারাকর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী পলকের এমআরআই করা হয়। আজ আমরা এমআরআই প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনে দেখা গেছে, পলকের কোমরে ৩ টা হাড় যথাক্রমে এল-২, এল-৩ ও এল-৪ সরে গেছে। এছাড়া ঘাড়ে ২ টি হাড়ে সমস্যা ধরা পড়েছে। এরমধ্যে ঘাড়ের সি ৫-৬ এর ভিতর একটি ও সি ৬-৭ এর ভিতর ডিস্কে সমস্যা দেখা গেছে।
তিনি বলেন, জুনাইদ আহমেদ পলক আগে থেকেই অসুস্থ্য। গত শনিবার আমি কারাগারে তার সাথে দেখা করি। তিনি ঘাড় নাড়াতে পারছেন না। প্রতিবেদনে ঘাড় ও কোমরে হাড় সরে গেলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তার চিকিৎসার জন্য আদালতে আবেদন করবো।
এই দুর্ঘটনার বিষয়ে পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত আমরা তা সন্দেহ প্রকাশ করছি। এটা নিয়ে কোনো তদন্ত কমিটিও হয়নি।
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
দেশপক্ষ/ এমএইচ








