
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেবল একটি যুব সংগঠনের নাম নয়, এটি একটি দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা ও রাজনৈতিক ঐতিহ্যের নাম। প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি দেশের যুবসমাজের একটি উল্লেখযোগ্য অংশকে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার প্রশ্নে নিজেদের রাজনৈতিক অবস্থান অটুট রাখার প্রত্যয় নিয়ে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে যুবলীগ।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মণির হাত ধরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যাত্রা শুরু। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, ছাত্র আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব এবং দূরদর্শী রাজনৈতিক চিন্তক শেখ ফজলুল হক মণি যুবসমাজকে দেশ গঠন ও প্রগতিশীল রাজনীতির ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার—মুক্তিযুদ্ধের এই চার মূলনীতিকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক, আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ছিল যুবলীগের প্রতিষ্ঠাকালীন প্রেরণা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগের পথচলা ছিল আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, যুবসমাজকে সংগঠিত করা এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনটি ভূমিকা রাখে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে যুবলীগের অনেক নেতাকর্মী সাহসী অবস্থান নেন। সেই প্রতিবাদের মূল্য দিতে হয়েছে অনেককে জীবন দিয়ে, অনেককে কারাবরণ ও নির্যাতনের শিকার হয়ে।
বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের রাজনীতি যখন কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়। পরবর্তী সময়ে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং বিভিন্ন রাজনৈতিক সংকটে যুবলীগের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকেছেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবলীগ নেতা নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়ের রাজনৈতিক আন্দোলনেও যুবলীগের সাংগঠনিক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ১৯৯০ সালের ২৭ আগস্ট যুবলীগ নেতা বদরউদ্দিন আহমদ বদুর আত্মত্যাগ সংগঠনটির সংগ্রামী ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলা, ২০০৭ সালে শেখ হাসিনার মুক্তির আন্দোলন এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যুবলীগের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন। এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক আন্দোলনে যুবলীগের সাংগঠনিক গুরুত্ব প্রতিষ্ঠিত হয়।
২০১৯ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে অধ্যাপক শেখ ফজলে শামস পরশকে চেয়ারম্যান এবং মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধার, সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যুবলীগকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেন। বিশেষ করে করোনা মহামারির সময় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, কৃষকের ধান কেটে দেওয়া, করোনায় মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারে সহযোগিতা এবং ভূমিহীন মানুষের জন্য ঘর নির্মাণের উদ্যোগ সংগঠনটির মানবিক কর্মকাণ্ডের পরিচিতি বাড়ায়।
শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বৃক্ষরোপণ, দুস্থদের খাদ্য সহায়তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্যোগেও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। এসব কর্মকাণ্ড প্রমাণ করে, একটি রাজনৈতিক যুব সংগঠনের দায়িত্ব কেবল ক্ষমতার রাজনীতি কিংবা রাজপথের আন্দোলনে সীমাবদ্ধ নয়; মানুষের বিপদে পাশে দাঁড়ানোও তার সাংগঠনিক দায়িত্বের অংশ।
২০২২ সালের ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণজয়ন্তী ও ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশাল যুব সমাবেশ সংগঠনটির সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটায়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় যুবসমাজকে সংগঠিত রাখার প্রত্যয় সেখানে নতুন করে উচ্চারিত হয়।
কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে এক বড় পরিবর্তন ঘটে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ বদলে যায়। দলীয় কার্যালয়, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সামনে আসে। একই সঙ্গে দেশের রাজনৈতিক অধিকার, আইনের শাসন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে আওয়ামী যুবলীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের সাংগঠনিক অস্তিত্ব, রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যকে ধারণ করে নতুন পরিস্থিতিতে কীভাবে সংগঠনকে পুনর্গঠিত করা যায়, কীভাবে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা যায় এবং কীভাবে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি জনপরিসরে তুলে ধরা যায়—সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবি আজ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর অন্যতম রাজনৈতিক আলোচ্য বিষয়। যুবলীগের নেতাকর্মীদের কাছে এই দাবি কেবল একজন রাজনৈতিক নেত্রীর দেশে ফেরার প্রত্যাশা নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের রাজনৈতিক নেতৃত্ব, সাংগঠনিক ভবিষ্যৎ এবং দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শের প্রশ্ন। তবে এই প্রত্যাশাকে জনসমর্থনের বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠিত করতে হলে জনগণের আস্থা অর্জন, রাজনৈতিক কর্মসূচির গ্রহণযোগ্যতা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।
বর্তমানে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলে যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল, প্রতিবাদ কর্মসূচি, পোস্টারিং, দেয়াললিখন এবং ভার্চুয়াল সভার মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে তারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবি এবং আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নটি সামনে আনতে চাইছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা তুলে ধরার প্রচেষ্টাও তাদের কর্মসূচির অংশ।
তবে ইতিহাস বলে, কোনো রাজনৈতিক আন্দোলন দীর্ঘস্থায়ী জনসমর্থন অর্জন করতে হলে শুধু আবেগ কিংবা সাংগঠনিক শক্তি যথেষ্ট নয়। প্রয়োজন জনগণের জীবন-জীবিকা, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে সুস্পষ্ট অবস্থান। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি বিদ্বেষ নয়, বরং যুক্তি, আদর্শ, ইতিহাস ও জনসম্পৃক্ততার মধ্য দিয়েই একটি আন্দোলন গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। যুবলীগের জন্যও এই বাস্তবতা অনুধাবন করা জরুরি।
যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ মণির রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগের যে সাংগঠনিক পথচলা শুরু হয়েছিল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই নেতৃত্বের সামনে নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি দায়বদ্ধতা, মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষা এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের রাজনৈতিক দাবি সামনে রেখে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা এখন তাদের অন্যতম সাংগঠনিক পরীক্ষা।
যুবলীগের ৫৪ বছরের ইতিহাসে যেমন রয়েছে আত্মত্যাগ, তেমনি রয়েছে ভুলত্রুটি ও বিতর্ক থেকে শিক্ষা নেওয়ার সুযোগ। অতীতের গৌরবকে ভবিষ্যতের শক্তিতে পরিণত করতে হলে সংগঠনকে আরও শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল, জনমুখী ও মানবিক হতে হবে। বিশেষ করে তরুণ সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে হলে কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, অসাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনা—এই তিনটি নাম আওয়ামী যুবলীগের রাজনৈতিক ইতিহাস ও আদর্শিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই পরিচয় ধারণ করার অর্থ শুধু স্লোগান দেওয়া নয়; বরং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, মানুষের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশাকে সামনে রেখে যুবলীগের নেতাকর্মীরা যে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছেন, তার সফলতা নির্ভর করবে কতটা শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও জনসম্পৃক্তভাবে তারা নিজেদের দাবি তুলে ধরতে পারেন তার ওপর।
ইতিহাসের প্রতিটি সংকট নতুন পথের সন্ধান দেয়। আওয়ামী যুবলীগের সামনেও আজ তেমনই একটি সময়। প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির স্বপ্ন, বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সংগঠনটি যদি মানুষের আস্থা ও ভালোবাসা পুনরুদ্ধারে সক্ষম হয়, তবে ৫৪ বছরের ঐতিহ্য আগামী দিনের পথচলায় নতুন প্রেরণা হয়ে উঠতে পারে।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাই প্রত্যাশা—গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনটি মানুষের অধিকার, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক সহাবস্থানের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশাকে সামনে রেখে যুবলীগের আগামী দিনের পথচলা হোক আরও সুসংগঠিত, জনমুখী ও গণতান্ত্রিক।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও মানবিকতার ধারায়—যুবলীগের ৫৪ বছরের পথচলায় এটাই হোক নতুন দিনের প্রত্যয়।
( মানিক লাল ঘোষ: সাংবাদিক ও কলামিস্ট কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও সাবেক সহ সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন)
দেশপক্ষ/ এমএইচ









