ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন

কুয়েত ও বাহরাইনে ইরানের ভয়াবহ হামলা

আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান।

আইআরজিসি-র নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান স্নায়ু কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, মিনা সালমান বন্দরটি এই অঞ্চলে মার্কিন নৌ-তৎপরতার অন্যতম প্রধান ঘাঁটি।

একই সঙ্গে কুয়েতেও সমন্বিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের দেওয়া তথ্যমতে, কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট, মোহাম্মদ আল-আহমাদ এবং আলি আল-সালেম নৌ-ঘাঁটিতে মার্কিন সৈন্যদের আবাসন, সরঞ্জাম রাখার হ্যাঙ্গার এবং জমায়েত হওয়ার কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এছাড়া ক্যাম্প বুয়েরিং নামের আরেকটি মার্কিন ঘাঁটিতেও তেহরান হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, আমেরিকান সৈন্যদের আবাসন এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে এবং এতে মার্কিন পক্ষ বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ