
যশোরের কেশবপুরে মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার ( ১ এপ্রিল ) রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন—কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০)। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাটি নিশ্চিত করে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে হিজলডাঙ্গা গ্রামের তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করতে যায় পুলিশ।
তিনি জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে ‘পুলিশ আসামিকে মেরে ফেলেছে’—এমন মিথ্যা ঘোষণা মসজিদের মাইকে প্রচার করা হয়। এতে এলাকার ৫০ থেকে ৬০ জন লোক জড়ো হয়ে মব তৈরি করে এবং পুলিশের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তারা আসামি জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে বৃহস্পতিবার দুপুরে সীমান্ত এলাকা থেকে ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম।
ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
দেশপক্ষ/ এমএইচ








