
লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন হলে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের ‘ট্রিগারে আঙুল’ রাখা আছে।
বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনী ও তাদের অবস্থানের বিরুদ্ধে তারা মোট ২ হাজার ১৮৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এছাড়া শত্রুপক্ষের ‘বিশ্বাসঘাতকতার আশঙ্কা’ থাকায় তাদের যোদ্ধারা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, “শত্রুর যেকোনো পদক্ষেপ মোকাবিলায় আমাদের যোদ্ধারা প্রস্তুত এবং ট্রিগারে আঙুল রেখেছে।”
এর আগে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন।
তিনি বলেন, দুই দেশের নেতারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
তথ্যসূত্র: দ্য ডন
দেশপক্ষ/ এমএইচ








