ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ৫:২১ অপরাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস—জানুন কত কমলো

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও পতন দেখা গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বৈশ্বিক বাজারে মূল্যবান এই ধাতুটির দাম কমেছে বলে জানিয়েছে রয়টার্স।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার সম্ভাবনা—সব মিলিয়ে স্বর্ণবাজারে চাপ তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির থাকায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় ৪টা ২৬ মিনিট অনুযায়ী, স্পট স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৬১.৩৩ ডলারে নেমেছে। টানা চার সপ্তাহ মূল্যবৃদ্ধির পর চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩.৫ শতাংশ কমেছে।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সও ১ শতাংশ কমে ৪,৬৭৬.৫০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অস্থিরতার ঝুঁকি থাকলে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকবে, যা স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও জানান, বর্তমানে স্বর্ণের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করছে—উপরের দিকে প্রায় ৪,৯০০ ডলার (৫০ দিনের গড়) এবং নিচের দিকে প্রায় ৪,৬৪৫ ডলার (২০ দিনের গড়)।

ওংয়ের ভাষায়, “এখন সবকিছুই মূলত মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নির্ভর করছে।”

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ