
বিশ্ব ক্রিকেটে নেপালের উত্থানকে প্রায়শই একটি অনুপ্রেরণাদায়ী গল্প হিসেবে বর্ণনা করা হয়। কিন্তু এবার সেই গল্পকে ছাড়িয়ে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়েছে হিমালয়ের দেশটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে দুবার ৩০০ রানের গণ্ডি পেরিয়ে নতুন ইতিহাস রচনা করেছে নেপাল ক্রিকেট দল।
শনিবার চীনের বিপক্ষে ম্যচে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছে নেপালি ব্যাটাররা। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান তুলে করে ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল তারা। এবার চীনের বিপক্ষে করেছে ২ উইকেটে ৩১২ রান।
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো টেস্ট খেলুড়ে বড় বড় দেশগুলো যেখানে কখনই করতে পারেনি, নেপাল সেখানে তা করে দেখাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেপালই একমাত্র দল, যাদের নামের পাশে দুটো তিন শতাধিক দলীয় স্কোর রয়েছে।
তবে নেপাল দুবার তিনশর বেশি স্কোর সংগ্রহ করলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডটি কিন্তু জিম্বাবুয়ের অধীনে। ২০২৪ সালে গাম্বিয়ার বিক্ষে এই রেকর্ডটি গড়েছিল রোডেশীয়রা। সেই ম্যাচে সিকান্দার রাজার দল করেছিল ২০ ওভারে ৩৪৪ রান।
দেশপক্ষ/ এমএইচ









