ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন

শিবিরের উসকানিতে শিক্ষার্থীরা মাঠে নেমেছে: রাশেদ খান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে শিবিরের সংশ্লিষ্টতা দেখছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান।

মঙ্গলবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এই বিক্ষোভ পরিকল্পিত।

ফেসবুক পোস্টে রাশেদ বলেন, ‘শিবিরের কোচিং সেন্টারে যেসব শিক্ষার্থী প্রাইভেট পড়ে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সেসকল শিক্ষার্থীদের একপ্রকার উসকানি দিয়ে মাঠে নামানো হয়েছিল। পাশাপাশি অনেক সাধারণ শিক্ষার্থীও বিভ্রান্ত হয়ে মাঠে নেমেছিল। আমি মনে করি, এটা একটা পরিকল্পিত আন্দোলন। বিশেষ করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিকে কেন্দ্র করে শিবির এই নোংরামি করেছে। শিক্ষার্থীরা আন্দোলন করছিল সায়েন্স ল্যাবে, কিন্তু এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছিল শিবির।’

রাশেদ আরও বলেন, ‘আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইকে ধন্যবাদ জানাই যে, তিনি পরিস্থিতি বুঝতে পেরে শিক্ষার্থীদের সাথে গিয়ে কথা বলেছেন এবং তাদের বোঝাতে চেষ্টা করেছেন। আজকে যে শিবির নোংরা প্ল্যান হাতে নিয়েছিল, তা এখন মোটামুটি পরিষ্কার। আবার ছাত্রলীগও ছাত্রদলকে নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে যে, ছাত্রদল নাকি শিক্ষার্থীদের ধরে ধরে পেটাচ্ছে। এমনকি শিক্ষার্থীদের বিক্ষুব্ধ করতে জুলাই গণ-অভ্যুত্থানের ভিডিও-ছবিও ছড়িয়েছে ছাত্রলীগ। সব মিলিয়ে আজকে শিবির-ছাত্রলীগের যৌথ প্রযোজনায় একটি ব্যর্থ আন্দোলন সংগঠিত হলো। সাধারণ শিক্ষার্থীরা ইতোমধ্যে এই রাজনীতি বুঝতে পেরে ঘরে ফিরে গেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্তানকে পড়ার টেবিলে বসান। প্রশ্ন সহজ হোক আর কঠিন হোক, বই থেকেই হবে। আপনার সন্তানের ব্রেনকে বিএনপি সরকার নষ্ট হতে দেবে না। ১৬ বছরে শিক্ষার্থীদের মেধা ধ্বংসের অপচেষ্টা ছিল। কিন্তু বিএনপির লক্ষ্য মেধাবী প্রজন্ম তৈরি করা। আর জামায়াত-শিবিরের লক্ষ্য আপনার সন্তানকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা নেওয়া।’

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন