ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:১২ পূর্বাহ্ন

ঠোঁটের কোন রং কী অসুখের লক্ষণ হতে পারে?

ঠোঁট কেবল মুখের সৌন্দর্যই বাড়ায় না, বরং এটি আমাদের শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্যের একটি বড় আয়না। ঠোঁটের স্বাভাবিক গোলাপি রঙে হঠাৎ কোনো পরিবর্তন আসলে তা কেবল প্রসাধনজনিত কারণে নাও হতে পারে।

চিকিৎসকদের মতে, ঠোঁটের রং দেখে শরীরের অনেক বড় বড় রোগের প্রাথমিক লক্ষণ বোঝা সম্ভব। ধূমপান না করা সত্ত্বেও যদি ঠোঁটের রঙে অস্বাভাবিক পরিবর্তন দেখেন, তবে তা এড়িয়ে যাওয়া বিপদজনক হতে পারে।

১. ফ্যাকাশে বা সাদাটে ঠোঁট

ঠোঁট তার স্বাভাবিক গোলাপি ভাব হারিয়ে অতিরিক্ত ফ্যাকাশে দেখালে বুঝতে হবে শরীরে হিমোগ্লোবিনের মারাত্মক ঘাটতি বা রক্তাল্পতা (Anemia) হয়েছে।

আয়রনের অভাব বা ভিটামিন বি১২-এর ঘাটতির কারণে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, ফলে ঠোঁটের সূক্ষ্ম রক্তনালিতে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না। এছাড়া রক্তচাপ কমে গেলেও ঠোঁট বিবর্ণ হতে পারে।

২. নীলচে বা বেগুনি ঠোঁট

ঠোঁটের রং হঠাৎ নীল বা বেগুনি হয়ে যাওয়া অত্যন্ত সংবেদনশীল একটি লক্ষণ। রক্তে অক্সিজেনের ঘাটতি হলে এমনটা ঘটে থাকে। দীর্ঘদিন ধরে হাঁপানি, সিওপিডি (COPD) বা নিউমোনিয়ায় ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে এই উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া জন্মগত কোনো হৃদ্‌রোগ (Heart Disease) থাকলেও ঠোঁটের রং নীলচে হতে পারে।

৩. অতিরিক্ত উজ্জ্বল লাল ঠোঁট

লিপস্টিক ছাড়াই যদি ঠোঁট অতিরিক্ত বা অস্বাভাবিক লাল দেখায়, তবে তা সৌন্দর্যের লক্ষণ নয়, বরং এটি লিভারের রোগের ইঙ্গিত হতে পারে। পাশাপাশি, কোনো প্রসাধনী থেকে অ্যালার্জি হলে ঠোঁটের কোষে প্রদাহ সৃষ্টি হয়, যার ফলে ঠোঁট ফুলে লাল হয়ে যাওয়ার পাশাপাশি জ্বালা-পোড়াও করতে পারে।

৪. হলদেটে ঠোঁট

ঠোঁট বা তার আশপাশের ত্বকে হলদেটে ভাব ফুটে উঠলে তা মূলত জন্ডিসের লক্ষণ। পিত্তথলিতে পাথর জমা, লিভারে সংক্রমণ কিংবা লিভারের মারাত্মক ক্ষতি বা ক্ষতের কারণে ঠোঁটের রঙের এই পরিবর্তন দেখা দিতে পারে।

৫. কালচে বা কালো ছোপযুক্ত ঠোঁট

ঠোঁট কালচে হওয়া বা ছোপ পড়ার সমস্যাটি বেশ পরিচিত। অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত চা-কফি পান বা মেয়াদের্ত্তীর্ণ লিপস্টিক ব্যবহারের কারণে ঠোঁটে মেলানিন জমা হয়ে এমনটা হতে পারে। তবে বাহ্যিক কারণ ছাড়াও শরীরে হরমোনের ভারসাম্যহীনতা ঘটলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে।

৬. ধূসর রঙের ঠোঁট

ঠোঁট যদি বিবর্ণ বা ধূসর রঙের দেখায়, তবে তা শরীরে বিপাকক্রিয়া (Metabolism) জনিত ত্রুটির কারণে হতে পারে। এছাড়া কোষ্ঠকাঠিন্য বা ক্রনিক অ্যাসিডিটির সমস্যা থাকলেও ঠোঁটের স্বাভাবিক রঙে এই পরিবর্তন আসা অস্বাভাবিক নয়।

ঠোঁটের এই পরিবর্তনগুলো যদি আকস্মিক হয় এবং দীর্ঘদিন স্থায়ী হয়, তবে প্রসাধনী বদলানোর পাশাপাশি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

 

দেশপক্ষ/ এমএইচ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ